ছোট্ট বিড়াল আর দুই একাকী মানুষের গল্পে ‘লাভ সিটার’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০ পিএম, ১৪ মার্চ ২০২৬
ছোট্ট বিড়াল আর দুই একাকী মানুষের গল্পে ‘লাভ সিটার’

একটি ছোট্ট বিড়ালকে ঘিরে দুই একাকী মানুষের অদ্ভুত এক সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‌‘লাভ সিটার’। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও তার সহধর্মিণী মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই নির্মাতা দম্পতি।

এই ওয়েব ফিল্মে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। গল্পে তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্র হিসেবে রয়েছে একটি বিড়াল। তার উপস্থিতি পুরো কাহিনিকে এগিয়ে নিয়ে যায় বলে নিশ্চিত করেছেন নির্মাতাদ্বয়।

নির্মাতা মুশফিকা মাসুদ বলেন, ‘বড় শহরে প্রতিদিন অসংখ্য অসহায় প্রাণী ঘুরে বেড়ায় আশ্রয়ের খোঁজে। কিন্তু মানুষ অনেক সময় ভুলে যায় যে প্রাণীটিকে আমরা পোষা প্রাণী বলি, তার পুরো পৃথিবী জুড়েই থাকে সেই মানুষটি- যে তাকে আশ্রয় দিয়েছে। এই ভাবনা থেকেই ‘লাভ সিটার’ ফিল্মের নির্মাণ।’

তিনি আরও বলেন, শহরের ব্যস্ততা ও নিঃসঙ্গতার ভিড়ে অনেক সময় অদ্ভুত কিন্তু মানবিক সম্পর্ক তৈরি হয়। আবির, হৃদি এবং একটি ছোট বিড়াল ‘হিপনোসিস’ - এই তিন চরিত্রের মধ্য দিয়ে সেই মায়া, দায়িত্ব এবং অসম্পূর্ণ ভালোবাসার গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ঈদের তৃতীয় দিন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘লাভ সিটার’। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ভাষায়, এটি শুধু সম্পর্কের গল্প নয়, বরং সহমর্মিতার একটি ছোট্ট বার্তা। সামান্য যত্ন ও ভালোবাসাও অনেক সময় একটি প্রাণীর পুরো পৃথিবী বদলে দিতে পারে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।