ঈদেই চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের নতুন চমক, খুলছে দ্বিতীয় শাখা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৯ মার্চ ২০২৬
ঈদেই চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের নতুন চমক, খুলছে দ্বিতীয় শাখা

চট্টগ্রামের সিনেমাপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আসছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। নগরীর দুই নম্বর গেট এলাকার ঐতিহ্যবাহী ফিনলে স্কয়ারে চালু হতে যাচ্ছে তাদের নতুন শাখা।

জানা গেছে, ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় বিদ্যমান একটি সিনেমা হলকে স্টার সিনেপ্লেক্সে রূপান্তর করা হচ্ছে। ৭২ ও ১৬ আসনের দুটি হল নিয়ে গড়ে উঠছে এই নতুন মাল্টিপ্লেক্সটি। ইতোমধ্যে এটি অধিগ্রহণ করেছে স্টার সিনেপ্লেক্স, এবং এখন থেকে তাদের তত্ত্বাবধানেই পরিচালিত হবে। আসন্ন ঈদুল ফিতরেই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

এটি হবে চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখা। এর আগে ২০২২ সালে চকবাজারের বালি আর্কেডে প্রথম শাখা চালু হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। নতুন এই শাখা চালুর মাধ্যমে চট্টগ্রামে সিনেমা দেখার অভিজ্ঞতা আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের প্রথম মাল্টিপ্লেক্স হিসেবে স্টার সিনেপ্লেক্স ইতোমধ্যে আধুনিক প্রযুক্তি, উন্নত সাউন্ড সিস্টেম ও বড় পর্দার কারণে দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। এই চাহিদা পূরণে তারা দেশের বিভিন্ন শহরে নতুন শাখা চালু করে চলেছে।

চট্টগ্রামের পাশাপাশি এবার ঈদেই নারায়ণগঞ্জেও নতুন একটি শাখা চালুর প্রস্তুতি চলছে। বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর ও মিরপুরে তাদের একাধিক শাখা রয়েছে। এছাড়া বগুড়াসহ দেশের বিভিন্ন শহরে নতুন শাখা নির্মাণাধীন রয়েছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে শুধু বড় শহর নয়, জেলা ও উপজেলা পর্যায়েও আধুনিক সিনেমা হলের অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।