ঈদের বাজারে শাকিবের দাপট, মাল্টিপ্লেক্সই ভরসা বাকি ৪ সিনেমার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২১ মার্চ ২০২৬
ঈদের বাজারে শাকিবের দাপট, মাল্টিপ্লেক্সই ভরসা বাকি ৪ সিনেমার

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমা। বাণিজ্যিক অ্যাকশন থেকে সাহিত্যনির্ভর গল্প, থ্রিলার থেকে নারীকেন্দ্রিক কাহিনি; সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় অভিজ্ঞতা। তবে মুক্তির কৌশলে এসেছে বড় পরিবর্তন। সেখানে একদিকে সিঙ্গেল স্ক্রিনে এগিয়ে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। অন্যদিকে বাকি ৪টি সিনেমা ভরসা রাখছে মাল্টিপ্লেক্সে।

হলে শাকিবের একক আধিপত্য
ঈদের সিনেমার দৌড়ে সবচেয়ে বড় পরিসরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। প্রায় ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে এটি স্পষ্টভাবেই সিঙ্গেল স্ক্রিন বাজারে একক আধিপত্য তৈরি করেছে। নব্বই দশকের ঢাকার অপরাধজগতকে ঘিরে নির্মিত এই সিনেমায় গ্যাংস্টার চরিত্রে দেখা যাচ্ছে শাকিবকে, যেখানে অ্যাকশন ও ক্ষমতার লড়াই মূল আকর্ষণ।

মাল্টিপ্লেক্সে ঝুঁকছে অন্য সিনেমা
অন্যদিকে ‘দম’, ‘প্রেশার কুকার’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা তিনটি প্রথম ধাপে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। প্রযোজক ও নির্মাতাদের মতে, পাইরেসি রোধ এবং সঠিক আয়ের হিসাব নিশ্চিত করতেই এই কৌশল নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সিঙ্গেল স্ক্রিনে মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রযোজকদের মতে, দেশের অনেক সিঙ্গেল স্ক্রিন হলে এখনো আধুনিক বক্স অফিস, ই-টিকিটিং ও নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। ফলে সিনেমা মুক্তির কিছুদিনের মধ্যেই পাইরেসির শিকার হওয়ার ঝুঁকি থাকে। এই কারণে প্রথম ধাপে মাল্টিপ্লেক্সে মুক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন তারা।

প্রদর্শক ও হল মালিকরা মনে করছেন, সিনেমার সংখ্যা কম হওয়ায় এবার প্রতিটি সিনেমাই ভালো শো পাবে। বিশেষ করে ‘রাক্ষস’ ও ‘প্রিন্স’ ঘিরে শুরুতেই দর্শকের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে ‘দম’, ‘প্রেশার কুকার’ ও ‘বনলতা এক্সপ্রেস’ ধীরে ধীরে দর্শক টানবে- এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।

সব মিলিয়ে এবারের ঈদে সিনেমা বাজারে প্রতিযোগিতা যেমন আছে, তেমনি রয়েছে নতুন কৌশলের পরীক্ষা। এখন দেখার বিষয় দর্শকের রায়ে শেষ পর্যন্ত কে জেতে এই পাঁচ সিনেমার লড়াইয়ে।

পাঁচ সিনেমার গল্প ও বৈশিষ্ট্য

‘বনলতা এক্সপ্রেস’
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্প এগিয়েছে একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে। যাত্রাপথের নানা চরিত্র, স্মৃতি, সম্পর্ক ও সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে এতে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ বড় একটি তারকাবহুল কাস্ট এতে অভিনয় করেছেন। এটি পরিবারসহ দেখার উপযোগী (ইউ গ্রেড) সিনেমা।

‘রাক্ষস’
সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমায় রয়েছে ‘ক্রেজি লাভ স্টোরি’র সঙ্গে অ্যাকশন ও সহিংসতা। পাগলাটে প্রেমের গল্পের পাশাপাশি এতে আছে পারিবারিক নাটকীয়তা। প্রাপ্তবয়স্কদের জন্য (এ গ্রেড) নির্মিত এই সিনেমাটি ইতোমধ্যে দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

‘দম’
আফরান নিশো ও পূজা চেরী অভিনীত ‘দম’ একটি মানবিক গল্প—অপহরণ, নির্যাতন ও বেঁচে ফেরার সংগ্রামকে কেন্দ্র করে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। আবেগঘন এই সিনেমাটি পরিবারসহ দেখার উপযোগী।

‘প্রেশার কুকার’
রায়হান রাফীর পরিচালনায় চার নারীর জীবনসংগ্রাম নিয়ে নির্মিত এই সিনেমা নগর জীবনের চাপ, সম্পর্কের দ্বন্দ্ব ও নারীদের বাস্তবতা তুলে ধরে। শবনম বুবলী, নাজিফা তুষি ও অন্যান্য অভিনেত্রীদের অভিনয়ে এটি একটি শক্তিশালী নারীকেন্দ্রিক গল্প হিসেবে বিবেচিত হচ্ছে। সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত।

‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’
অ্যাকশননির্ভর এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। গ্যাংস্টার জগত, ক্ষমতার দ্বন্দ্ব ও সহিংসতা—সব মিলিয়ে এটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার সিনেমা।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।