হুইলচেয়ারে বাবার সঙ্গে সালমান খান, হতাশ করলেন শাহরুখ-আমির
ঈদুল ফিতর শুধু ধর্মীয় উৎসব নয়, এটি তারকাদের জন্যও ভক্তদের সঙ্গে সংযোগের এক বিশেষ উপলক্ষ। প্রতি বছরের মতো এবারও বলিউডের শীর্ষ তিন তারকা ভিন্ন ভিন্নভাবে উদযাপন করেছেন ঈদ। কোথাও পরিবারসহ উষ্ণ উপস্থিতি, কোথাও নিভৃত আয়োজন- সব মিলিয়ে ছিল নানা রঙের ঈদ।
গতকাল শনিবার বাংলাদেশের মতো ভারতেও উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে উৎসবের আনন্দে মেতেছে বলিউডও। তবে এ বছর তিন মহারথী শাহরুখ খান, আমির খান ও সালমান খানের ঈদ উদযাপনে দেখা গেছে ভিন্নতা।
প্রতি বছর ঈদের দিনে ভক্তদের শুভেচ্ছা জানাতে বাড়ির সামনে হাজির হন এই তারকারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সালমান খান ছাড়া বাকি দুই খান ছিলেন সিঙ্গেল। অসুস্থ বাবা সেলিম খানকে হুইলচেয়ারে বসিয়ে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে ভক্তদের শুভেচ্ছা জানান তিনি।
এ সময় পাশে ছিলেন তার মা সালমা খান, দুই ভাই আরবাজ ও সোহেল খানও। সঙ্গে ছিলেন বোন অর্পিতার সন্তান আয়াত ও আহিল। পরিবারের সবাইকে নিয়েই ঈদের আনন্দ ভাগ করে নেন এই অভিনেতা।
অন্যদিকে এবার ঈদে ভক্তদের কিছুটা হতাশ করেছেন শাহরুখ খান। প্রতি বছরের মতো মান্নাতের বারান্দায় তাকে দেখা যায়নি। জানা গেছে, সম্প্রতি তিনি সপরিবারে পলি হিলসের বাসায় উঠেছেন। ফলে এখনও মান্নাতে ফেরা হয়নি তার। ফেসবুকে তিনি হাজির হয়েছেন ঈদের সাজে, পাজামা-পাঞ্জাবিতে।
সামাজিক মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে পোস্টে তিনি লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে বরকতময় ঈদের শুভেচ্ছা। সকলের প্রতি রইল ভালোবাসা ও শুভকামনা। আমরা যা প্রার্থনা করি, তার চেয়েও যেন বেশি কিছু অর্জন করতে পারি... ঈদ মোবারক।’
এদিকে বরাবরের মতোই নিরিবিলি পরিবেশে ঈদ উদযাপন করেছেন আমির খান। ঘনিষ্ঠ বন্ধু ও পরিচিতজনদের নিয়ে ছোট পরিসরের আয়োজনে কাটিয়েছেন দিনটি। পবিত্র ঈদ উপলক্ষে তিনি নিজের বাসায় বিশেষ আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
সাদা কুর্তা-পাজামায় অতিথিদের আপ্যায়ন করতে দেখা গেছে তাকে। তার সেই মুহূর্ত ধরা পড়ে পাপারাজ্জিদের ক্যামেরায়।
এলআইএ