শাকিব খানের ‘প্রিন্স’ কেন স্টার সিনেপ্লেক্সে নেই, যা জানা গেল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২২ মার্চ ২০২৬
শাকিব খানের ‘প্রিন্স’ কেন স্টার সিনেপ্লেক্সে নেই, যা জানা গেল

ঈদে মুক্তি পাওয়া সিনেমা নিয়ে যখন দর্শকদের আগ্রহ তুঙ্গে ঠিক তখনই দেশের সবচেয়ে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের পর্দায় দেখা মিলছে না শাকিব খান অভিনীত বহুল আলোচিত ‘প্রিন্স’ ছবিটির। এ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও প্রশ্ন। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

বরাবরের মতো এবারও সিঙ্গেল স্ক্রিনে দাপট দেখাচ্ছেন শাকিব খান। দেশের বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে তার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। তবে ঈদের প্রথম দিন দেশের কোনো শাখাতেই সিনেমাটি প্রদর্শন করেনি স্টার সিনেপ্লেক্স। বিষয়টি নিয়ে দিনভর নানা গুঞ্জন ছড়ায়।

বিশেষ করে ডিসিপি জমা না দেওয়ার অভিযোগ সামনে আসে।

এ নিয়ে শুরুতে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া না গেলেও ঈদের রাতেই বিষয়টি পরিষ্কার করে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে জানায়, ডিসিপি জমা না দেওয়ার তথ্যটি সম্পূর্ণ ভুল। তারা দাবি করে, তৃতীয়বারের মতো জমা দেওয়ার পরও ‘প্রিন্স’-এর ডিসিপি স্টার সিনেপ্লেক্সের সার্ভারের সঙ্গে সঠিকভাবে ম্যাচ করছে না।

পোস্টে বলা হয়, ‘ডিসিপি জমা দেওয়া হয়নি এমন তথ্য বিভিন্ন মহল থেকে ছড়ানো হচ্ছে, যা সত্য নয়। দর্শকদের এমন ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।’

প্রযোজনা প্রতিষ্ঠান আরও জানায়, বিষয়টি সমাধানের জন্য তারা কাজ করছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছে। দেশের অন্যান্য সিনেপ্লেক্সে একই ডিসিপি দিয়ে সিনেমাটি প্রদর্শিত হলেও শুধু স্টার সিনেপ্লেক্সেই এই জটিলতা তৈরি হয়েছে বলে জানানো হয়।

তাদের আশা, দ্রুত সমস্যার সমাধান হয়ে রোববার থেকেই স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সিনেমাটি প্রদর্শন শুরু হবে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে ‘প্রিন্স’ সিনেমার কোনো শো যুক্ত হয়নি।

এদিকে, কারিগরি ত্রুটির কারণে দেশের প্রায় অর্ধশত সিঙ্গেল স্ক্রিনেও ঈদের দিন সিনেমাটির শো চালানো সম্ভব হয়নি। এতে দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন জানান, টিকিট বিক্রি করেও শো চালাতে না পারায় কয়েকটি সিনেমা হলে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

সব মিলিয়ে, বহুল প্রতীক্ষিত ‘প্রিন্স’ সিনেমাকে ঘিরে ঈদের আনন্দের মাঝেই তৈরি হয়েছে অনাকাঙ্ক্ষিত জটিলতা, যার দ্রুত সমাধানের অপেক্ষায় দর্শকরা।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।