প্রথমদিনের আয়ে তিন নম্বরে শাকিব খানের ‘প্রিন্স’, জানুন কার আয় কত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২২ মার্চ ২০২৬
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ দর্শক উপস্থিতিতে এগিয়ে থাকলেও আয়ের হিসেবে কিছুটা পিছিয়ে রয়েছে। শাকিব খানের এই সিনেমাটি প্রথম দিনেই বেশিরভাগ শো হাউজফুল গেছে। তবে প্রত্যাশিত আয় তুলতে পারেনি বলে জানা গেছে। তবে ‘দম’ সিনেমা চমক দেখিয়েছে।

ঈদের আমেজে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমাটি ঘিরে আগে থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। নব্বই দশকের আলোচিত আন্ডারওয়ার্ল্ড চরিত্র কালা জাহাঙ্গীরের ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

তবে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত না হওয়ায় আয়ের দিক থেকে প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাপ্ত তথ্যমতে, ঈদের প্রথম দিনে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মোট ৩১টি শো প্রদর্শিত হয়। এর মধ্যে ২৬টি শো ছিল পুরোপুরি হাউজফুল এবং একটি শো প্রায় পূর্ণ ছিল।

দিন শেষে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৬ লাখ ১৯ হাজার টাকা। দর্শক উপস্থিতি ভালো থাকলেও মাল্টিপ্লেক্সে না চলায় আয়ের অঙ্ক প্রত্যাশার তুলনায় কম বলে ধারণা করা হচ্ছে।

শিরিন সুলতানা প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। এটি শুধু মারপিট বা অ্যাকশননির্ভর নয়, বরং তৎকালীন ঢাকার রাজনীতি ও অপরাধ জগতের এক গভীর গল্প তুলে ধরেছে।

সিনেমাটিতে কালা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে শাকিব খান তার চেনা ধারা ভেঙে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেছেন।

এতে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এছাড়া আরও রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু ও এজাজুল ইসলাম।

অন্যদিকে বাংলা মুভি রিভিউ (বিএমআর)-এর তথ্য অনুযায়ী, ঈদের প্রথম দিনে দারুণ সূচনা করেছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’। মাল্টিপ্লেক্সে বছরের সর্বোচ্চ ওপেনার হওয়ার গৌরব অর্জন করেছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে আয়ের লড়াইয়ে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে এগিয়ে রয়েছে ‘দম’। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে সিনেমাটির মোট ২৭টি শোর মধ্যে ২২টিই ছিল হাউজফুল। প্রথম দিনে এর আয় দাঁড়িয়েছে ৩০.৩৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ২১টি শোর মধ্যে ১৭টিই ছিল হাউজফুল। সিনেমাটি আয় করেছে ২০.৪০ লাখ টাকা। বিএমআর-এর মতে, এটি মাল্টিপ্লেক্সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং।


‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় চঞ্চল চৌধুরী

তৃতীয় শাকিবের ‘প্রিন্স’ ছবির পর চতুর্থ অবস্থানে সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ ১৪টি শোয়ের মধ্যে ১০টি হাউজফুল নিয়ে আয় করেছে ১৩.৯৩ লাখ টাকা।



পঞ্চম স্থানে থাকা ‘প্রেশার কুকার’ ১৪টি শো দিয়ে আয় করেছে ৬.১২ লাখ টাকা। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে আছেন চারজন নায়িকা। তাদের মধ্যে দর্শকের মন জয় করেছেন বুবলী ও নাজিফা তুষি।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।