ঈদুল আজহায় মুক্তি পাবে ‘হাওয়া’ নির্মাতার নতুন সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৬ এপ্রিল ২০২৬
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘হাওয়া’ নির্মাতার নতুন সিনেমা

দেশের জনপ্রিয় নির্মাতা মেজবাউর রহমান সুমন। তিন বছর আগে ‘হাওয়া’ দিয়ে দেশ-বিদেশে অভাবনীয় সাফল্য অর্জনের পর দীর্ঘ বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। তৈরি করেছেন ‘রইদ’ নামের সিনেমা। তার এই নতুন সিনেমা ঘিরে ইতোমধ্যেই দর্শক ও চলচ্চিত্র মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

এবার জানা গেলো, ছবিটি তিনি ঈদের উৎসবেই মুক্তি দেবেন। জাগো নিউজকে আজ সোমবার বিকেলে এই তথ্য নিশ্চিত করে সুমন বলেন, আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে ‘রইদ’।

সুমন আরও জানান, ‘রইদ’ একটি প্রতীকী ও বহুমাত্রিক আখ্যান। এখানে সাধু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

নির্মাতার ভাষ্যে, এই চলচ্চিত্রে তিনি হাজার বছরের পুরোনো আখ্যানকে সমসাময়িক অনুভূতির ভেতর দিয়ে পুনর্নির্মাণ করার চেষ্টা করেছেন। এতে গ্রামীণ বাংলার নান্দনিকতা ও চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পভাবনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

চলচ্চিত্রটি এরইমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। ‘রইদ’ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ অফিসিয়ালি নির্বাচিত হয়। এটি দেশের চলচ্চিত্র অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত ট্রেলার ও পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিনয়শিল্পী, নির্মাতা থেকে শুরু করে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ও প্রত্যাশা।

 

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।