সবুজ আর সুন্দর চা বাগানের অজানা বাস্তবতায় ‘চা গরম’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৭ এপ্রিল ২০২৬
সবুজ আর সুন্দর চা বাগানের অজানা বাস্তবতায় ‘চা গরম’

চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, সংগ্রাম ও বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘চা গরম’। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির অফিশিয়াল পোস্টার। সেটি ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

ফিল্মটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনি জানান, চা বাগানকে এতদিন শুধু সুন্দর ব্যাকড্রপ হিসেবে দেখানো হলেও এবার সেই চিত্র ভেঙে ভেতরের বাস্তব জীবন তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

নির্মাতার ভাষ্য, চা বাগানের ভেতরে প্রবেশ করে শ্রমিকদের জীবনযাপন, অধিকার ও কঠিন বাস্তবতাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। সেই অভিজ্ঞতাই ফুটে উঠবে ‘চা গরম’-এ। তিনি আরও জানান, সাধারণ মানুষ যেমন চা বাগান সম্পর্কে খুব কম জানেন, এই ফিল্ম সেই অজানা দিকগুলো সামনে আনবে।

চরকিতে আগামী ১৪ এপ্রিল বৈশাখ উপলক্ষে মুক্তি পাবে ‘চা গরম’। নতুন বছরের মতোই নতুন করে ভাবনার অনুপ্রেরণা দেবে এই ফিল্ম, এমনটাই প্রত্যাশা নির্মাতার।

ফিল্মটিতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ ও সারাহ জাবিন অদিতি। অভিনয়শিল্পীরা জানান, গল্পের শক্তিশালী বিষয়বস্তু এবং নির্মাতার দৃষ্টিভঙ্গিই তাদের এই কাজের প্রতি আকৃষ্ট করেছে।

এই ফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। শিগগিরই টিজার বা ট্রেলার প্রকাশের মাধ্যমে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।