মিটিংয়ে হাজির থাকতে ক্লাবগুলোর প্রতি বুলবুলের অনুরোধ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসন্ন আসরকে ঘিরে আগামীকাল আলোচনার জন্য ক্লাবগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আদৌ ক্লাবগুলো সেখানে উপস্থিত হবে কিনা, তা নিয়ে আছে সংশয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্লাব সংগঠকদের অনুরোধ করেছেন, যেন তারা সভায় হাজির হন।

গত বছরের অক্টোবরে বিসিবি নির্বাচনের পর থেকেই লিগ বয়কট করে আসছে ক্লাবগুলো। গত ৫ এপ্রিল তৃতীয় বিভাগ ক্রিকেটের জন্য মিটিং ঢাকা হলে মাত্র ৫টি ক্লাবের প্রতিনিধিরা সেখানে হাজির হন।

এমতাবস্থায় আগামীকালকের মিটিংয়েও একই অবস্থা হওয়ার সম্ভাবনা জোড়ালো। এর মধ্যে আজ মঙ্গলবার পূর্বাচলে স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে মিটিংয়ে হাজির হওয়ার জন্য ক্লাব সংগঠকদের অনুরোধ করেন বুলবুল।

তিনি বলেন, ‘৮ তারিখে (এপ্রিল) আমরা আশা করছি যে সমস্ত ক্লাব আসবে এবং আপনাদের মাধ্যমে ক্লাবগুলোকে আমরা অনুরোধ করছি যে, দয়া করে আপনারা কালকে আসেন। আমাদের সিসিডিএম সভাপতি সাহেব এবং আমাদের একজন সহ-সভাপতি ফারুক ভাইও থাকার কথা আছে সেখানে। এবং আমরা চাইব যেন অনেক দেরি হয়ে গেছে, আসেন আমরা লিগটা খেলে ফেলি। কারণ এটাই একমাত্র ৫০ ওভারের লিস্ট 'এ' টুর্নামেন্ট আমাদের।’

নির্ধারিত সময়ে শুরু হওয়ার শেষ ভাগে রয়েছে ঢাকা লিগ। যে কারণে বুলবুল বললেন, ‘আমরা যেহেতু একদম শেষের দিকে চলে এসেছি, আমরা একটা অত্যন্ত প্রতিযোগিতামূলক আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ দেখতে চাই।’

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।