চাটাই বিছিয়ে বাজালেন তার, ইরানের এই শিল্পীর সুরেই যেন থামলো যুদ্ধ
যখন চারদিকে যুদ্ধের উত্তেজনা, প্রাণ বিনাশের হুমকি আর সংঘাতের আবহ- তখন এক টুকরো সুর হয়ে উঠতে পারে শান্তির প্রতীক। এমনই এক ব্যতিক্রমী বার্তা দিয়েছেন ইরানের সংগীতশিল্পী আলি ঘামসারি।
তেহরানের কাছে অবস্থিত দামাভান্দ বিদ্যুৎকেন্দ্রের সামনে বসে তিনি বাজিয়েছেন পারস্য শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘তার’। কোনো স্লোগান নয়, কোনো রাজনৈতিক বক্তব্য নয়- একটি চাটাই, আর হাতে বাদ্যযন্ত্র ‘তার’ নিয়ে বিদ্যুৎকেন্দ্রের সামনে বসে তিনি বাজাতে শুরু করেন শান্ত, ধীর বেদনার্ত সুর। সেই সুরের মাধ্যমে তিনি যেন বলতে চেয়েছেন, ‘থামো, শান্ত হও।’
ভিডিওতে দেখা যায়, শিল্প অবকাঠামোর কঠোর পরিবেশের মাঝেও ঘামসারির সুর এক ধরনের কোমলতা ছড়িয়ে দিচ্ছে। এই দৃশ্য দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশ্বজুড়ে অনেকেই তার ভিডিও শেয়ার করে যুদ্ধ থামাতে অনুরোধ জানিয়েছেন বিভিন্ন পক্ষগুলোকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্যাগ দিয়ে অনেকে পোস্টও করেছেন।
দামাভান্দ বিদ্যুৎকেন্দ্রটি তেহরানের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। দেশটির বড় অংশের বিদ্যুৎ সরবরাহ করে এটি। সাম্প্রতিক সময়ে এই অবকাঠামোকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই ঘামসারির এই পারফরম্যান্সকে অনেকেই শান্তির প্রতীক হিসেবে দেখছেন।
ভিডিও বার্তায় আলি ঘামসারি বলেন, তিনি চান তার সুর মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিক এবং যেন মানুষের ঘরের আলো নিভে না যায়। তার এই উদ্যোগকে অনেকে কেবল সংগীত নয় বরং এক ধরনের নীরব প্রতিবাদ হিসেবেও ব্যাখ্যা করছেন।
আলি ঘামসারি ইরানের সমসাময়িক সংগীত জগতের একজন পরিচিত নাম। তিনি পারস্য শাস্ত্রীয় সংগীতকে নতুনভাবে উপস্থাপন করে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন। তার কাজগুলোতে ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মিশ্রণ দেখা যায়।
এলআইএ