‘...এই মুহূর্তে বাংলা সিনেমার সেরা অভিনেত্রী’ কাকে বললেন মন্তব্যকারী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৬
রইদ ছবির দৃশ্যে নূর ইমরান ও তুষি

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘রইদ’ সিনেমার গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। ঈদুল আজহায় মুক্তি-প্রতীক্ষিত এ সিনেমার গানটিতে দেখা গেছে মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষিকে। ইউটিউবে গানটি শুনে প্রশংসাসূচক মন্তব্য করছেন শ্রোতাদের অনেকে। সেখানেই পাওয়া যায় এ রকম একটি মন্তব্য।

‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটি প্রকাশের পর গানটির ভিউ তুলনামূলক কম। তবে গানটির দৃশ্য একশ্রেণির দর্শকের দৃষ্টি কেড়েছে। অনেকে মন্তব্যে জানিয়েছেন সেকথা। একজন লিখেছেন, ‘এ ধরনের গান তাৎক্ষণিক ভাইরাল না হলেও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নেয়।’

‘...এই মুহূর্তে বাংলা সিনেমার সেরা অভিনেত্রী’ কাকে বললেন মন্তব্যকারী

গানটি দেখে অভিনেত্রী তুষির প্রশংসা করেছেন অনেকে। সাব্বির আহমেদ নামে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘নাজিফা তুষি আমার আপন মামাতো বোন। অসাধারণ একজন মানুষ, তার জন্য আমরা গর্বিত।’ এই মন্তব্যের জবাবে আলম সরকার নামে একজন লেখেন, ‘আপনার বোনকে বলবেন, তিনি এই মুহূর্তে বাংলা সিনেমার সেরা অভিনেত্রী।’

‘...এই মুহূর্তে বাংলা সিনেমার সেরা অভিনেত্রী’ কাকে বললেন মন্তব্যকারী

চার বছর আগে মুক্তি পাওয়া ‘হাওয়া’ ছবির মাধ্যমে দেশ-বিদেশ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন নাজিফা তুষি। সেই ধারাবাহিকতায় আবারও নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’-এ দেখা যাবে তাকে। অন্যদিকে ‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটির কথা ও সুর করার পাশাপাশি গেয়েছেন ‘সহজিয়া’ ব্যান্ডের শিল্পী রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব।

গানটি প্রসঙ্গে এক দর্শক লিখেছেন, ‘প্রত্যেকটা ফ্রেম চোখের শান্তি। এমন সিনেমাটোগ্রাফি বাংলা চলচ্চিত্রে খুব কমই দেখা যায়।’ আরেক দর্শক মন্তব্য করেন, ‘গানের সুর, কথা আর গায়কীতে এক অদ্ভুত মায়া আছে, যা মুহূর্তেই মনকে শান্ত করে দেয় ‘ কেউ লিখেছেন, ‘এই গানের মোহ থেকে বের হতে পারছি না, বারবার শুনছি আর প্রশান্তি পাচ্ছি।’ কেউ কেউ আক্ষেপ করে বলেছেন, ভালো কনটেন্ট হওয়া সত্ত্বেও এখনো প্রত্যাশিত ভিউ পাচ্ছে না গানটি।

‘রইদ’ মূলত এক শ্রমজীবী ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর গল্প, যেখানে প্রেম, নীরবতা এবং মানবিক অনুভূতির গভীরতা তুলে ধরা হয়েছে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধিমান মিলে এ ছবির চিত্রনাট্য গড়েছেন। তুষি ও মোস্তাফিজুর নূর ইমরানসহ পর্দায় সে গল্প ফুটিয়ে তুলেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

‘...এই মুহূর্তে বাংলা সিনেমার সেরা অভিনেত্রী’ কাকে বললেন মন্তব্যকারী

উল্লেখ্য, ২০২৫ সালের শেষ দিকে প্রকাশিত ট্রেলার ও পোস্টার দিয়েই ‘রইদ’ আলোচনায় আসে। ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের ‘টাইগার কম্পিটিশন’ বিভাগে স্থান করে নেয় ছবিটি। এবার দেশের দর্শকদের জন্য অবমুক্ত করা হবে ছবিটি। 

এমআই/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।