নেপথ্যের ‘নায়কদের’ স্মরণ করলেন শাকিব খান
আন্তর্জাতিক শ্রমিক দিবস অর্থাৎ মহান মে দিবসে শুটিং-সংশ্লিষ্ট কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ১ মে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি পর্দার আড়ালে থাকা মানুষের নিরলস শ্রম ও অবদানের কথা তুলে ধরেন।
শাকিব খান লিখেছেন, ‘শ্রদ্ধা জানাই শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের, যাদের শ্রম ও নিষ্ঠায় স্বাচ্ছন্দ্যে এগিয়ে চলছে আমাদের কর্মক্ষেত্র ও স্বপ্নের পৃথিবী।’
এদিকে, বর্তমানে ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। জানা গেছে, ছবিটির গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন আয়মান আসিব স্বাধীন এবং পরিচালনা করছেন আজমান রুশো।
আরও পড়ুন:
‘এটা আমাদেরই গল্প’ শেষ হয়ে যাচ্ছে, আবেগে যা বললেন পরিচালক রাজ
জাগো এন্টারটেইনমেন্টে হাসির ঝড়, এলো ‘ঝগড়া হোটেল’
‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। এর আগে তারা ‘তাণ্ডব’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেছিলেন। এছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা।
এমএমএফ