‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
রুনা লায়লা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাসম্পন্ন ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন। ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

এর আগে ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী-নৃত্যশিল্পী জোহরা সেহগাল (২০১২), শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) ও ‘মেরা নাম জোকার’ ছবির রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)। রুনা লায়লা চতুর্থ খ্যাতিমান ব্যক্তি হিসেবে পুরস্কারটি পেতে যাচ্ছেন।

ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি অঙ্গ সংস্থা হিসেবে কাজ করে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৪ মে থেকে ৮ মে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। সম্প্রতি রুনা লায়লাকে একটি চিঠি পাঠিয়েছেন উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা। তিনি লিখেছেন, ‘কয়েক দশক ধরে আপনার সুমধুর কণ্ঠ এবং বর্ণাঢ্য শৈল্পিক যাত্রা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। আমাদের অনেকের কাছে আপনার গান শুধু সংগীত নয়, বরং আবেগ, স্মৃতি এবং আমাদের দুই দেশের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন। সংগীত ও চলচ্চিত্রে আপনার অবদান এমন এক সাংস্কৃতিক ঐতিহ্য সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।’

রুনা লায়লাকে রাম কিশোর পরচা আরও লিখেছেন, ‘আপনি পুরস্কারটি গ্রহণ করলে আমাদের জন্য এক বিরাট আশীর্বাদ হবে। এটি শুধু ভারত ও বাংলাদেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও উন্নতই করবে না, বরং আরও শক্তিশালী করবে।’

চিঠিতে আয়োজকেরা উল্লেখ করেছেন, রুনা লায়লার জন্য ঢাকা-দিল্লি-ঢাকা বিজনেস ক্লাসের বিমান টিকিট, পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা ও যাতায়াতের জন্য আলাদা গাড়ি বরাদ্দ রাখা হয়েছে। রাম কিশোর পরচা লিখেছেন, ‘জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আপনাকে নয়াদিল্লিতে স্বাগত জানানো আমাদের জন্য এক বিরাট সম্মানের বিষয় হবে। আপনার উপস্থিতি শুধু উৎসবের শোভাই বৃদ্ধি করবে না; বরং চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও দর্শকদের অনুপ্রাণিত করবে, যারা আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করেন।’

 

‘মিনার-এ-দিল্লি’ পুরস্কার প্রসঙ্গে রুনা লায়লা বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম, দেখা হবে সেখানে!’

নয়াদিল্লিতে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্রে উৎসবটি অনুষ্ঠিত হবে। এবারের আসরে বিশ্ব জুড়ে নারী ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহিত করা হবে।

উৎসবে অংশ নেবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর, রেভাতি, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্বেতা মেনন, মেঘনা মালিক, হিমানি শিবপুরি, অভিনেতা মুকেশ তিওয়ারি, রাজপাল যাদব, রঘুবীর যাদব, যশপাল শর্মা, পীযূষ মিশ্র, রাজেন্দ্র গুপ্ত, গায়িকা ঊষা উত্থুপ, চলচ্চিত্র পরিচালক আদুর গোপাল কৃষ্ণান, কেতন মেহতা, ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) পরিচালক চিত্তরঞ্জন ত্রিপাঠি।

আরও পড়ুন:
মানুষের জীবনের মূল্য কোথায়? প্রশ্ন শবনম ফারিয়ার https://www.jagonews24.com/entertainment/news/1114672
কেন মেকআপ এড়িয়ে চলতে চান ফারিণ? https://www.jagonews24.com/entertainment/news/1114696

এদিকে একটি অনুষ্ঠানে গান গাইতে বুধবার সকালে সিলেটে পা রেখেছেন রুনা লায়লা। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

এমআই/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।