উত্তম কুমার ও ‘মনপুরা’র ছোঁয়ায় ঝড় তুলেছে প্রীতমের ‘সেকেন্ড নায়ক’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০২ মে ২০২৬
উত্তম কুমার ও ‘মনপুরা’র ছোঁয়ায় ঝড় তুলেছে প্রীতমের ‘সেকেন্ড নায়ক’

গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান আবারও ভিন্নধর্মী চমক নিয়ে হাজির হয়েছেন। তার নতুন গান ‘সেকেন্ড নায়ক’ মুক্তির পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের মাত্র ১৬ ঘণ্টার মধ্যেই গানটি আলোচনার কেন্দ্রে চলে আসে।

এই মিউজিক ভিডিওতে এক ভিন্ন গল্প তুলে ধরা হয়েছে, যেখানে প্রীতম নিজেকে প্রিয় মানুষের জীবনের ‘দ্বিতীয় নায়ক’ হিসেবে দেখিয়েছেন। পুরো ভিডিওজুড়ে প্রীতমকে দেখা গেছে নানা চরিত্রে। কখনো সিএনজি চালক, কখনো মাঝি, আবার কখনো ট্রাকচালক বা পাইলট। প্রতিটি রূপেই তিনি ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষায় থাকা এক ব্যথাতুর মানুষের প্রতিচ্ছবি তুলে ধরেছেন।

ভালোবাসা, অবহেলা আর অপেক্ষার মিশেলে তৈরি হয়েছে এক আবেগঘন গল্প। গানের সৃজনশীল ভাবনা ও কনসেপ্ট নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। গল্পও লিখেছেন তিনি ও প্রীতম যৌথভাবে।

ভিডিওতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। তার সাবলীল উপস্থিতি দর্শকদের দৃষ্টি কেড়েছে।

পাশাপাশি ‘প্রথম নায়ক’ চরিত্রে দেখা গেছে মীর রাব্বীকে। ভিডিওটি পরিচালনা করেছেন মনজুর অনিক।

ভিডিওটির বিশেষত্ব হলো এর সিনেমাটিক উপস্থাপন। এতে ক্ল্যাসিক ও আধুনিক সিনেমার আবহ মিলিয়ে তৈরি হয়েছে নস্টালজিক অনুভূতি। বিশেষ করে উত্তম কুমারের সোনালি যুগের কাজের অনুপ্রেরণা দর্শক খুঁজে পেয়েছেন। পাশাপাশি ‌‘মনপুরা’ ছবির আবহও যেন ফিরে এসেছে কিছু দৃশ্যে।

ভিডিওর শেষ অংশে রাখা হয়েছে বড় এক চমক। সেখানে ‘খোকা ২.০’-এর ইঙ্গিত দিয়ে ভবিষ্যৎ কাজের সম্ভাবনা তৈরি করা হয়েছে।

মিউজিক প্রোডাকশন ও সুর করেছেন প্রীতম নিজেই। সব মিলিয়ে ‘সেকেন্ড নায়ক’ বর্তমান সময়ের গানের ভিড়ে আলাদা মাত্রা যোগ করেছে বলে মনে করছেন দর্শক-শ্রোতারা।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।