বড় ব্যবধানে হারলেন নায়ক সোহম ও নায়িকা সায়ন্তিকা, চমক দেখালেন রুদ্রনীল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ এএম, ০৫ মে ২০২৬
নায়ক সোহম ও নায়িকা সায়ন্তিকার পরাজয়, চমক দেখালেন বিজেপির রুদ্রনীল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারকা প্রার্থীরা। ফল ঘোষণার পর দেখা গেল, কেউ পেয়েছেন বড় জয়, আবার কেউ হয়েছেন পরাজিত। তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

এই নির্বাচনে সবচেয়ে চমক দেখিয়েছেন রুদ্রনীল ঘোষ। হাওড়ার শিবপুর আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন। তৃণমূল প্রার্থীকে প্রায় ১৬ হাজার ভোটে হারিয়ে নিজের অবস্থান মজবুত করেছেন এই অভিনেতা।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সোহম চক্রবর্তী জয় ধরে রাখতে পারেননি। নদীয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পরাজিত হন তিনি। প্রায় ১০ হাজারের বেশি ভোটে তাকে হারান বিজেপি প্রার্থী।


বিজেপির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়

বরানগর আসনেও তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে হেরে যান। উপনির্বাচনে জয় পাওয়া এই অভিনেত্রীর জন্য এবারের ফলাফল বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তিনি তৃণমূল প্রার্থীকে ২২ হাজারের বেশি ভোটে হারিয়ে শক্ত অবস্থান জানান দিয়েছেন।

তবে সব তারকার ভাগ্যে হাসি ফুটেনি। ব্যারাকপুর আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়া নির্মাতা রাজ চক্রবর্তী বিজেপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এর মাধ্যমে রাজনীতিতে দ্বিতীয়বারের মতো হার দেখলেন তিনি।


দ্বিতীয়বারের মতো হেরে গেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী

সব মিলিয়ে, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তারকা প্রার্থীদের জন্য ছিল মিশ্র অভিজ্ঞতার। কেউ পেয়েছেন জয়, কেউবা শিখেছেন নতুন বাস্তবতা।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।