‘সোনা বন্ধের গায়’ নিয়ে আসছেন তানজিল মিসবাহ, সঙ্গে অলংকার চৌধুরী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৯ মে ২০২৬
‘সোনা বন্ধের গায়’ নিয়ে আসছেন তানজিল মিসবাহ, সঙ্গে অলংকার চৌধুরী

ভালোবাসার মানুষের রূপ যেন খাঁটি সোনার মতো উজ্জ্বল। সেই সৌন্দর্যের মায়ায় ডুবে প্রেমিকের হৃদয়ে জন্ম নেয় অদ্ভুত এক আলোড়ন। প্রিয় মানুষের এমন মোহময় সৌন্দর্য ও প্রেমের অনুভূতিকে কেন্দ্র করেই নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী তানজিল মিসবাহ।

‘সোনা বন্ধের গায়’ শিরোনামের এই নতুন গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তানজিল মিসবাহ নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়।

ড্যান্স ঘরানার এ গানের ভিডিও নির্মাণ করেছেন হাসান রনি। ভিডিওতে জুটি বেঁধে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সোয়েব আক্তার শান্ত ও অভিনেত্রী অলংকার চৌধুরীকে। এছাড়াও বিশেষ উপস্থিতিতে থাকছেন তানজিল মিসবাহ নিজেও। গানের কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল।

নতুন গান প্রসঙ্গে তানজিল মিসবাহ বলেন, ‘আমি সাধারণত বিরহের গান বেশি করি। এবার পুরোপুরি ভিন্নধর্মী একটি কাজ করেছি। শ্রোতাদের জন্য নাচে-গানে ভরপুর নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

জানা গেছে, আগামী ১৪ মে ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘সোনা বন্ধের গায়’ গানের ভিডিও। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও গানটি উন্মুক্ত করা হবে।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরে প্রকাশ পাওয়া তানজিল মিসবাহ’র ‘চাঁদ বদনে’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গানটি ইউটিউব ট্রেন্ডিংয়েও জায়গা করে নেয়। মাত্র তিন মাসে ১৫ মিলিয়নের বেশি দর্শক-শ্রোতা উপভোগ করেছেন গানটি।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।