‘এটা হলিউডের জন্য লজ্জা’, প্রতিবাদী মন্তব্যে কান উৎসবে করতালি
গাজায় চলমান যুদ্ধ নিয়ে অবস্থান নেওয়ায় হলিউডের কয়েকজন তারকাকে কোণঠাসা করার অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন খ্যাতিমান চিত্রনাট্যকার পল লাভার্টি। তার এই মন্তব্য ঘিরে সরব হয়ে ওঠে কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ।
৭৯তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে পল লাভার্টি বলেন, গাজায় নারী ও শিশু হত্যার বিরোধিতা করায় সুসান সারানডন, জাভিয়ের বারদেম ও মার্ক রাফালোর মতো শিল্পীদের ‘কালো তালিকাভুক্ত’ করা হচ্ছে। এটা হলিউডের জন্য লজ্জা।
দুইবার পাম দ’অর জয়ী এই চিত্রনাট্যকার বলেন, ‘গাজায় নারী ও শিশু হত্যার বিরোধিতা করায় শিল্পীদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। যারা এটা করছে, তাদের জন্য লজ্জা।’
তার এই বক্তব্যের পর উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে সমর্থন জানান।
তিনি আরও বলেন, ‘যাদের কোণঠাসা করা হচ্ছে, তারাই আমাদের সেরাদের একজন।’
প্রসঙ্গত, ২০২৩ সালে নিউ ইয়র্কে এক ফিলিস্তিনপন্থী সমাবেশে বক্তব্য দেওয়ার পর সুসান সারানডনকে ‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে তার এজেন্সি থেকে বাদ দেওয়া হয়। পরে অভিনেত্রী অভিযোগ করেন, গাজা ইস্যুতে অবস্থান নেওয়ার কারণে হলিউডে তার কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এদিকে উৎসবে শিল্প ও রাজনীতির সম্পর্ক নিয়েও কথা বলেন জুরি বোর্ডের প্রধান পার্ক চ্যান-উক। তিনি বলেন, ‘শিল্প ও রাজনীতি একে অপরের বিরোধী নয়। শিল্পসম্মতভাবে প্রকাশ করা হলে সেটিও মূল্যবান।’
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পল লাভার্টি। প্রযুক্তি বিলিয়নিয়ারদের বাড়তে থাকা প্রভাব নিয়ে সতর্ক করে তিনি বলেন, সমাজকে তাদের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া উচিত নয়।
অন্যদিকে জুরি সদস্য ডেমি মুর মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যত উন্নতই হোক, সত্যিকারের শিল্পকে কখনো প্রতিস্থাপন করতে পারবে না।
তার ভাষায়, ‘সত্যিকারের শিল্প আত্মা থেকে আসে।’
এলআইএ