মোসাদ্দেক-সাব্বিরে উড়লো আবাহনী, শিবলি ঝরে উড়ে গেলো গুলশান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৪ পিএম, ১৬ মে ২০২৬

এবার সুপার লিগ নেই। থাকলে সেরা ছয়ে থাকার লড়াইটাও হতো সেরকম। সিঙ্গেল লিগেও চলছে ধুন্ধুমার লড়াই। কেউ কাউকে ছাড়ছে না। ১২ দলের মধ্যে ৬ থেকে ৭টি ক্লাব খুব কাছাকাছি অবস্থানে। একটি ম্যাচের ফল বদলে দিচ্ছে পুরো পয়েন্ট টেবিলের চিত্র।

এই যেমন আজ শনিবার হেরে মোহামেডান লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গেছে। একইভাবে সাদাকালোদের হারিয়ে প্রাইম ব্যাংক উঠে এসেছে সবার ওপরে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ঠিক মাঝপথে এসে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে আকবর আলীর প্রাইম ব্যাংক। বিজয়, নাইম শেখ, পারভেজ ইমন, তাওহিদ হৃদয় ও রিশাদের মোহামেডান নেমে এসেছে দ্বিতীয় স্থানে।

অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী ও শেখ মেহেদীর লিজেন্ডস অব রূপগঞ্জ আজ শনিবার নিজ নিজ খেলায় জিতে লিগ টেবিলে অবস্থান ধরে রেখেছে।

পাশাপাশি মোহাম্মদ মিঠুনের ঢাকা লেপার্ডস, মেহেদি মারুফের সিটি ক্লাব এবং ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংকও পিছিয়ে নেই। এই দলগুলোর সবকটিই পয়েন্ট সংগ্রহে (৫ খেলায় সমান ৩টি করে জয় নিয়ে ৬ পয়েন্ট) আছে সমান্তরালে।

Legend of rupganj

আজ শনিবার নিজ নিজ খেলায় জয়ী হয়েছে আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, ঢাকা লেপার্ডস, সিটি ক্লাব ও অগ্রণী ব্যাংক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী ৪ উইকেটে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্সকে।

দুই পেসার খালেদ ও রোহানউদ্দিন দৌলা রওশন এবং অফস্পিনার মোসাদ্দেক আবাহনীর জয়ের ভিত গড়ে দেন। তাদের সাঁড়াশি বোলিংয়ে ৫০ ওভারে ২০৯ রানে আটকে থাকে বসুন্ধরা স্ট্রাইকার্স। টপ অর্ডার ও প্রতিষ্ঠিত ব্যাটাররা ব্যর্থ হন। লেগস্পিনার-কাম-মিডল অর্ডার ব্যাটার আমিনুল ইসলাম বিপ্লব ও অলরাউন্ডার নাহিদ ইসলামের সংগ্রামী ব্যাটিংয়ে ২০০-এর ঘরে পৌঁছায় বসুন্ধরা স্ট্রাইকার্স। কিন্তু সেই রান জয়ের জন্য যথেষ্ট ছিল না।

অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (৫৪ বলে ৫৭), সাব্বির রহমান রুম্মন (৫৪ বলে ৫০*) এবং জাকের আলী অনিকের (৬২ বলে ৪৩) ব্যাটে ৬৪ বল আগেই আবাহনী জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

অন্যদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ পেয়েছে বড় জয়। গুলশান ক্রিকেট ক্লাব ২০৫ রানে হেরেছে শেখ মেহেদীর দলের কাছে।

ওপেনার আশিকুর রহমান শিবলীর (১৩০ বলে ১১৯) অনবদ্য শতক লিজেন্ডস অব রূপগঞ্জকে অনেক দূর এগিয়ে দেয়। সঙ্গে আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান (৩০ বলে ৩৯), অলরাউন্ডার রবিউল ইসলাম রবি (৭৩ বলে ৬৫), তরুণ সম্ভাবনাময় অলরাউন্ডার সামিউন বশির (৩০ বলে ৪৭) এবং অধিনায়ক শেখ মেহেদীর (১৮ বলে ৩৩) ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩৫৪ রানের পাহাড়সম স্কোর গড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ।

জবাবে গুলশান ক্রিকেট ক্লাব মাত্র ১৪৯ রানে (৩১.৩ ওভারে) অলআউট হয়ে যায়। লিজেন্ডস অব রূপগঞ্জের তিন বোলার- বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ (৪/৩০), সামিউন বশির (২/২২) ও রবিউল ইসলাম রবি (২/৫)— গুলশানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে বড় জয় উপহার দেন শেখ মেহেদীর দলকে।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।