নিজেদের মধ্যে বিরোধ নয় : তথ্যমন্ত্রী
দেশীয় চলচ্চিত্র শিল্প বিকাশে চলচ্চিত্র জগতের প্রযোজক, প্রদর্শক, পরিচালক ও অভিনয় শিল্পীদের নিজেদের মধ্যে কোনো বিরোধ না করে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রী সোমবার তাঁর মন্ত্রণালয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃবৃন্দ ও অভিনেতাদের সাথে বৈঠকে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম হারুন অর রশীদ বৈঠকে উপস্থিত ছিলেন। চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সোহানুর রহমান সোহান, আবু মুসা দেবু, মুশফিকুর রহমান গুলজার, সাঈদুর রহমান সাঈদ, রেজা লতিফ, অভিনেতা শাকিব খান, মিশা সওদাগর ও জায়েদ খান এসময় আলোচনায় অংশ নেন।
বৈঠকে পরিচালক সমিতির নেতৃবৃন্দ ও অভিনেতারা ভারতীয় হিন্দি চলচ্চিত্র আমদানি ও প্রদর্শন বন্ধে তথ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ভারতীয় হিন্দি চলচ্চিত্র আমদানি ও প্রদর্শনের সাথে তথ্য মন্ত্রণালয়ের কোনো প্রশাসনিক অনুমতি বা সিদ্ধান্তের সম্পর্ক নেই। তিনি বলেন, ২০১০ সালের বাণিজ্য নীতির আওতায় ২০১২ সালে যে কয়টি ভারতীয় হিন্দি চলচ্চিত্র আমদানি হয়েছে, আমদানিকারকরা সর্বোচ্চ আদালতের রায় নিয়ে তা আমদানি করেছিল।
মন্ত্রী জানান, এ চলচ্চিত্রগুলো বিমানবন্দর থেকে ছাড় করা বা সেন্সর বোর্ডে জমা দেয়ার বিষয়টি তথ্য মন্ত্রণালয়ে দু’বছর পরীক্ষাধীন থাকাকালে এক পর্যায়ে সর্বোচ্চ আদালতের রায় এবং আইন মন্ত্রণালয়ের অনাপত্তির ভিত্তিতে ২০১৪ সালের ডিসেম্বরে ঐ চলচ্চিত্রগুলো বিমানবন্দর থেকে ছাড় হয়ে সেন্সর বোর্ডে জমা পড়ে এবং বোর্ড তা সেন্সর করে। আদালতের রায়ের বিষয়ে সরকারের হাত বাঁধা, তবে রায় পুনর্বিবেচনার আবেদন করতে বাধা নেই, বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশীয় চলচ্চিত্র শিল্প বিকাশে অনেক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নকে ধরে রাখতে দেশের চলচ্চিত্র অঙ্গনের সকলকে বিভেদ ভুলে একযোগে কাজ করতে হবে।
এএ