বড় পর্দায় ফিরছেন কুসুম সিকদার


প্রকাশিত: ০২:৩৩ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

`গহীনে শব্দ` ও `লালটিপ` ছবির মাধ্যমে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী কুসুম সিকদার।  মাঝখানে একটা বড়সড় বিরতি দিয়ে, দীর্ঘ তিন বছর পর ক্যারিয়ারের তৃতীয় ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই তারকা। ছবিটির শিরোনাম `শঙ্খচিল`। পরিচালনা করছেন গৌতম ঘোষ। এ ছবিতে কুসুমের নায়ক হিসেবে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী প্রসেনজিৎ।

জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় একটি পরিবারের গল্প নিয়ে `শঙ্খচিল` ছবির কাহিনী গড়ে উঠেছে। এ প্রসঙ্গে কুসুম বলেন সিকদার, `লালটিপ`-এর পর অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কোনোটির গল্প পছন্দ হয় তো নির্মাতার সঙ্গে বনিবনা হয় না। আবার কোনো নির্মাতার কথাবার্তা ভালো লাগলেও গল্প মোটেও ভালো লাগে না। তবে মনে হচ্ছে অপেক্ষা করে ভুল করিনি। দারুণ গল্পের একটা ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। গুণী নির্মাতার পাশাপাশি একজন গুণী সহশিল্পীকে এক ছবিতে পাওয়াটা নিঃসন্দেহে আনন্দের। আশা করছি, ভালো মানের একটা ছবির মাধ্যমে রুপালি পর্দায় ফিরছি।`

জানা গেছে, আশীর্বাদ চলচ্চিত্রের ব্যানারে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের পক্ষে হাবিবুর রহমান খান বলেন, `আগামী মাসে গৌতম ঘোষের নতুন ছবিটির কাজ শুরু হবে। এখন এর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।`

উল্লেখ্য, এর আগে কুসুম সিকদার দুটি ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলো হচ্ছে স্বপন আহমেদের `লালটিপ` (২০১২) ও খালিদ মাহমুদ মিঠুর `গহিনে শব্দ` (২০১০)। ভালো ছবির প্রস্তাব পেলে আগামীতেও তার চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।