তৃতীয়বারের মতো পিছিয়েছে ‘টক্সিক’র মুক্তির সময়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
‘টক্সিক’সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’র মুক্তি আবারও পিছিয়ে গেল। এবার তৃতীয়বারের মতো পরিবর্তন করা হলো এর মুক্তির তারিখ।

আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও বিশ্বব্যাপী বড় পরিসরের ডিস্ট্রিবিউশন এবং কৌশলগত পার্টনারশিপ নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। শিগগিরই নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

সিনেমাটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে সিনেমাটির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তাই তড়িঘড়ি মুক্তি না দিয়ে বিশ্বব্যাপী সঠিকভাবে উপস্থাপনের লক্ষ্যেই সময় বাড়ানো হয়েছে।

এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন যশ। তিনি বলেন, সম্প্রতি একটি আন্তর্জাতিক ইভেন্টে সিনেমাটি উপস্থাপনের পর বিশ্বজুড়ে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাই সিনেমার মান ও গ্লোবাল রিলিজ স্ট্র্যাটেজি মাথায় রেখে মুক্তি পিছানো হয়েছে।

যশ আরও বলেন, “ভারতীয় সিনেমা এখন বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। একজন অভিনেতা ও প্রযোজক হিসেবে আমার দায়িত্ব সিনেমার গুণগত মান বজায় রেখে সেটিকে সঠিকভাবে বিশ্বের সামনে তুলে ধরা।”

এর আগে প্রথমে ১৯ মার্চ মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা ও পরবর্তী সময়ে অন্যান্য কৌশলগত কারণে মুক্তি একাধিকবার পিছিয়েছে।

গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমায় যশ ছাড়াও অভিনয় করেছেন কিয়ারা আদবানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া।

কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই সিনেমাটি পরে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় ডাব করে বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন:
কেন বাথরুমে বসে লাঞ্চ করতেন প্রিয়াঙ্কা? নিজেই জানালেন কারণ 
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে 

তবে শুরু থেকেই সিনেমাটি বিতর্কের মধ্যেই রয়েছে। টিজার প্রকাশের পর ‘অশ্লীলতা’ ও ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’র অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এমনকি নারী কমিশনও কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানায়। যদিও কর্নাটক ফিল্ম চেম্বারের সভাপতি ড. জয়মালা দর্শকদের টিজার দেখে চূড়ান্ত সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সব মিলিয়ে বড় পরিসরের আন্তর্জাতিক পরিকল্পনা ও বিতর্ক-এই দুইয়ের মাঝেই আবারও পিছিয়ে গেল বহুল আলোচিত ‘টক্সিক’র মুক্তির সময়।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।