পরিচালনায় দিতি
অভিনয় দিয়ে অনেক আগেই দর্শকহৃদয়ে পৌঁছে গেছেন। এবার পরিচালনায় নিয়মিত হলেন চিত্রনায়িকা দিতি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি খন্ড নাটক ও একটি টেলিছবি নির্মাণ করেছেন তিনি। এরমধ্যে `একটি পূর্ণাঙ্গ গল্পের সূচনা` শিরোনামের খন্ড নাটকটি আসছে মা দিবসে প্রচার হবে। অন্যদিকে ভালোবাসা দিবসে প্রচার হবে টেলিছবি `ভ্যালেন্টাইন অতঃপর ভালোবাসা`।
এ প্রসঙ্গে দিতি বলেন, `অভিনয়ের মতো পরিচালনায়ও একটি সৃজনশীল কাজ। দীর্ঘদিনের অভিনয়ের অভিজ্ঞতা থেকেই পরিচালনার খাতায় নাম লিখিয়েছি। আগামীতেও আমার নিয়মিত পরিচালনার ইচ্ছা রয়েছে।`
সর্বশেষ দিতি ওয়াজেদ আলী সুমনের নির্দেশনায় `সুইটহার্ট` ও জি সরকারের `লাভ ২০১৪` চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া দিতি অভিনীত রুলীন রহমানের ধারাবাহিক নাটক `মায়ার খেলা` আরটিভিতে, মাইনুল হাসান খোকনের `জীবনের গল্প` এশিয়ান টিভিতে ও আরিফ খানের `দলছুট প্রজাপতি` এনটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। পাশাপাশি খুব শিগগিরই ইদ্রিস হায়দার পরিচালিত ধারাবাহিক নাটক `পালংক` প্রচার শুরু হবে।
এ প্রসঙ্গে দিতি জানান, ইদানীং তিনি চলচ্চিত্রে কম অভিনয় করছেন। বিশেষ করে, দক্ষ পরিচালক ও গল্পে বৈচিত্র্যতার অভাবের কারণেই তিনি এ মাধ্যমকে কিছুটা এড়িয়ে চলছেন। তার পরিবর্তে ধারাবাহিক ও খন্ড নাটকেই সময় দিচ্ছেন বেশি। পাশাপাশি আগামীতে পরিচালনার কাজটিও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
এইচএন