পহেলা ফাল্গুনে নোভার ঝরাপাতা


প্রকাশিত: ০৪:২৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

আসছে পহেলা ফাল্গুন। বিশেষ এ দিন উপলক্ষে টিভি চ্যানেলগুলোতে একাধিক অনুষ্ঠান ও নাটক প্রচারের প্রস্তুতি নেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় টিভি মিডিয়ার তারকাদেরও প্রস্তুতির শেষ নেই। নাটকে অভিনয় ও অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেয়ার জন্য তারাও প্রস্তুত। সেসব তারকার ভিড়ে পিছিয়ে নেই মডেল-অভিনেত্রী নোভাও।

পহেলা ফাল্গুন উপলক্ষে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। রাজিবুল এহসানের রচনা ও পরিচালনায় এর নাম ‘ঝরাপাতা’। এ নাটকে অভিনয় প্রসঙ্গে নোভা জানান, আমার খুব ইচ্ছে ছিল পহেলা ফাল্গুন উপলক্ষে একটি নাটকে অভিনয় করার। আর তা পূরণও হয়েছে। নাটকটির গল্প বেশ সুন্দর। দর্শকের ভাল লাগবে এমনটাই বিশ্বাস করি।

১৩ই ফেব্রুয়ারি নাটকটি এসএটিভিতে রাত ৯টায় প্রচার হবে বলে জানান নোভা। এদিকে এ নাটক ছাড়াও সম্প্রতি নোভা ভালবাসা দিবস উপলক্ষে একটি নাটকে অভিনয় করেছেন। রায়হান খানের পরিচালনায় এর নাম ‘পুষ্প...তোমার অপেক্ষায়’। এ নাটকে নোভা এবারই প্রথম রিয়াজের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। খণ্ডনাটকের পাশাপাশি ধারাবাহিকেও নিয়মিত তিনি। বর্তমানে প্রচার চলতি ‘জুয়াড়ি’ ও ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’ নাটক দুটিতে অভিনয় করছেন এ অভিনেত্রী।

অভিনয়ের বাইরে উপস্থাপনাতেও সরব নোভা। বাংলাভিশনে প্রচার চলতি রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য্য কথা’ সঞ্চালনা করছেন তিনি। এ অনুষ্ঠান থেকে ভাল সাড়া পেলেও আপাতত অন্য কোন অনুষ্ঠান উপস্থাপনা করছেন না বলে জানিয়েছেন নোভা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।