চলচ্চিত্রে অভিনয় করবেন সীমানা
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন সীমানা। ক্যারিয়ারের শুরু থেকেই বিজ্ঞাপন ও টিভি নাটকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এর মধ্যে অবশ্য একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তবে সে ছবিতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। এরপর থেকে আর চলচ্চিত্র নয়। নিয়মিত হয়েছেন নাটকে।
অবশ্য বিভিন্ন সময় সাক্ষাৎকারে চলচ্চিত্রে আসা প্রসঙ্গে বরাবরই বলেছেন, শিগগিরই মনের মতো কোন ছবি পেলে অভিনয় করবেন। তবে সেটা আর হয়নি কখনোই। অবশ্য সম্প্রতি নিজের সিদ্ধান্ত বদলেছেন। চলচ্চিত্রেই আসবেন সীমানা, কিন্তু বাণিজ্যিক ঘরানার নয়। তাহলে কি ধরনের ছবিতে অভিনয় করতে চান তিনি? উত্তরে বলেন, ঢালিউডে প্রচুর ছবি নির্মাণ হচ্ছে। কিন্তু সেসব ছবিতে আমি পছন্দের কোন গল্প খুঁজে পাই না। বাণিজ্যিক ঘরানার অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। সেগুলোতে অভিনয়ের বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। বিশেষত আমার কাছে এ ধরনের চলচ্চিত্র মোটেও ভাল লাগে না। বিকল্প ধারার গল্পের ছবি পেলে সে সময় অভিনয় করব। আর এখনই এ নিয়ে কোন উচ্চাকাঙ্ক্ষা নেই আমার।
এদিকে গেল বছর থেকে অনেকটা অনিয়মিত সীমানা। ২০১৪ সালের শুরুর দিকে নিয়মিত নাটকে কাজ করলেও তার কয়েক মাস পরই হাওয়া হয়ে যান তিনি। কাউকে কিছু না বলে মিডিয়া থেকে বিরতি নিয়েছেন। নাটকের শিডিউল দেয়া থাকলেও ঠিকমতো শুটিংয়ে অংশ নেননি। কিছুদিন পরই সংগীতশিল্পী পারভেজকে গোপনে বিয়ে করে সবার অগোচরে চলে যান তিনি। এ নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন। অবশ্য গত রোজার ঈদের পর থেকে নাটকে ফিরেছেন সীমানা শিডিউল দেয়া নাটকগুলোর শুটিংয়ে অংশ নিয়েছেন। এরই মধ্যে একাধিক ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত তিনি।
এআরএস/এমএস