দুই বাংলায় বন্যার দুই অ্যালবাম


প্রকাশিত: ০২:৫১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে দুই বাংলায় দুটি নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

একটি অ্যালবাম এপার বাংলায় ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশ হতে যাচ্ছে। অন্যটি কলকাতার এইচএমভি ব্যানারে প্রকাশ হবে। এখন পর্যন্ত অ্যালবামগুলোর নাম চূড়ান্ত হয়নি।

এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, `কবিগুরুর মিশ্র ভাবনার গান দিয়ে অ্যালবাম দুটি সাজানো হচ্ছে। কবিগুরুর জন্মদিন উপলক্ষে অ্যালবামগুলো তৈরি করছি। ২৫ বৈশাখে দুই বাংলায় আমার দুটি অ্যালবাম প্রকাশ হবে। প্রথমে এক অ্যালবামই দুই বাংলায় প্রকাশ করতে চেয়েছিলাম। কিন্তু পরে দেখি আমার কণ্ঠে অনেক রবীন্দ্রসঙ্গীত রেকর্ডিং করা আছে। তাই সিদ্ধান্ত পাল্টালাম।`

এদিকে, রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি বন্যা একটি প্রাচীন লোকজধারার গানের অ্যালবামেও কাজ করছেন। অচিরেই অ্যালবামটি প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছর শুরুর দিকে `গীতপঞ্চাশিকা` শীর্ষক অর্ধশত গানের একটি অ্যালবাম প্রকাশ করেন বন্যা। এক মোড়কে রবি ঠাকুরের ৫০টি প্রেমের গান দিয়েই অ্যালবামটি সাজানো হয়েছে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।