নতুন রূপে পুরনো প্রেম


প্রকাশিত: ০৩:০১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে আবার অভিসারে মেতেছেন বলিউডকন্যা দীপিকা পাড়ুকোন। একসঙ্গে `তামাশা` শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন তারা। শুটিংয়ের ফাঁকে ফাঁকে দীপিকাকে প্রায়ই রণবীরের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।

মিডডের খবরে জানা গেছে, রণবীর-দীপিকা পরষ্পরের সঙ্গে শুটিংবহির্ভূত কোনো কথা বলবেন না বলে সম্প্রতি জানিয়েছিলেন। নিজেদের প্রেমের সম্পর্কের ব্রেকআপের পর থেকে তারা এভাবেই চলছিলেন। এমনকি `ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি` ছবিতে অভিনয়ের পর আর একসঙ্গে পর্দায় আসবেন না বলেও সিদ্ধান্ত নেন দুই তারকা।

কিন্তু প্রথম ভালোবাসার প্রতি সবারই আলাদা টান থেকে যায়। দীপিকা-রণবীরও সেই টান শত চেষ্টায়ও আড়াল করতে পারছেন না। তাই মত বদলে এ তারকাজুটি ফের নতুন ছবি `তামাশা`য় কাজ শুরু করেছেন। শুধু তা-ই নয়, প্রেমিকা ক্যাটরিনা কাইফের শত বেষ্টনী থাকা সত্ত্বেও রণবীর শুটিংয়ের অবসরে দীপিকার সঙ্গে একান্তে আড্ডায় মজেছেন। এমনকি ছবির শুটিং শেষে এক সন্ধ্যায় রণবীর নিজ উদ্যোগে দীপিকাকে সঙ্গে নিয়ে বেড়াতে বেরিয়ে পড়েন। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে যান তারা। বিষয়টি বুঝতে পেরে রণবীর-দীপিকা বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

এ ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক কানাঘুষা হচ্ছে বলিউডে। অনেকেই বলছেন, `এই তারকাদ্বয় ছবির মতো করে কি বাস্তব জীবনেও নতুনভাবে রসায়ন দেখাবেন। এই ছবির মাধ্যমেই হয়তো দীপিকা আবারো রণবীরের প্রেমের ফাঁদে পা দিতে যাচ্ছেন।`

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।