শাহরুখ-আলিয়া একসঙ্গে
বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে অভিষেক হতে যাচ্ছে বলিউড তারকা আলিয়া ভাটের। রোহিত শেঠির পরবর্তী ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের। চলতি বছরের মাঝামাঝি সময়ে শাহরুখ-আলিয়া ছবির শুটিং শুরু করবেন।
মিডডের খবরে জানা গেছে, রোহিত শেঠির এই ছবিতে শাহরুখের সঙ্গে থাকবেন বরুণ ধাওয়ান। তিনি কিং খানের ভাইয়ের চরিত্রে রূপদান করবেন। আর বরুণের প্রেমিকার চরিত্রে আলিয়া অভিনয় করবেন। তবে প্রথমে চরিত্রটি কৃতি স্যাননের করার কথা ছিল। কিন্তু নির্মাতা এবং শাহরুখের ইচ্ছায় অবশেষে কৃতির জায়গায় আলিয়া স্থলাভিষিক্ত হয়েছেন।
এ ব্যাপারে আলিয়া বলেন, `বলিউডের প্রত্যেক অভিনেত্রীরই শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার স্বপ্ন থাকে। কিন্তু অধিকাংশ অভিনেত্রীর সেই প্রত্যাশা পূরণ হয় না। তবে স্বল্প সময়ের মধ্যে আমার এই আশা পূরণ হতে চলেছে। তাই আমি ভীষণ খুশি।`
সূত্রটি আরো জানিয়েছে, ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে পরিচালক `দিলওয়ালে` নামটি ভেবে রেখেছেন। ২১ বছর বয়সী আলিয়া সম্প্রতি `শানদার` ছবির শুটিং শেষ করেছেন। এখন ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।
এইচএন/এমএস