জালিয়াতির মামলায় আহমেদ শরীফকে আদালতে তলব


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৫ মার্চ ২০১৫

চেক জালিয়াতির অভিযোগে প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় আদালতে তলব করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর আদালতে মোশারফ হোসেন সুমন নামে এক ব্যক্তি এই মামলাটি করেন। শুনানী শেষে মহানগর হাকিম আনোয়ার ছাদাত মামলাটি আমলে নিয়ে আগামী ২০ এপ্রিলের মধ্যে আহমেদ শরীফকে জবাব দেওয়ার জন্য আদালতে তলব করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, বাদী মোশারফ হোসেন আহমেদ শরীফের কাছে এক লাখ ৬৭ হাজার টাকা পাবেন। সেই টাকা পরিশোধের জন্য গেলে আহমেদ শরীফ মোশারফকে ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন। কিন্তু দুই দুইবার ব্যাংকে জমা দিতে গিয়ে চেকটি ডিজঅনার হয়।

বিবরণে জানা যায়, গত বছরের ২২ মে টাকা তোলার জন্য উত্তরা শাখায় চেকটি জমা দিলে তখন তা ডিজঅনার হয়। দ্বিতীয় বারের মতো মোশারফ একই বছরের ১১ ডিসেম্বর চেকটি জমা দিতে যান, সেবারও ডিজঅনার হয়।

প্রথমে এ বিষয়ে মুখে অভিযোগ করলেও আহমেদ শরীফ কোনো ব্যবস্থা নেননি। সর্বশেষ মোশারফ হোসেন চলতি বছরের ৫ জানুয়ারি উকিলের মাধ্যমে লিগ্যাল নোটিশ দেন। তারপরেও কোনো জবাব না না পেয়ে আজ আদালতে এসে আহমেদ শরীফের বিরুদ্ধে মামলা করেন মোশারফ হোসেন সুমন।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।