সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মালয়ালম অভিনেতা সন্তোষ নায়ার
ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন মালয়ালম চলচ্চিত্রের পরিচিত মুখ সন্তোষ নায়ার। মঙ্গলবার (৫ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথানামথিট্টা জেলার আদুরের কাছে এনাথু এলাকায় এমসি রোডে ভোর সাড়ে ৬টার দিকে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পার্সেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন সন্তোষ নায়ার। দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
দুর্ঘটনায় তার স্ত্রী শুভশ্রী এবং লরির চালকও আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। সন্তোষ নায়ারের মৃত্যুতে মালয়ালম চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তিনি শুধু একজন দক্ষ অভিনেতাই নন, বরং সুপারস্টার মোহনলালের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত ছিলেন।
জানা যায়, তিরুবনন্তপুরমের এমজি কলেজে পড়াশোনার সময় থেকেই তাদের বন্ধুত্বের শুরু। কলেজজীবনে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন উৎসবে একসঙ্গে অংশগ্রহণের মধ্য দিয়ে সেই সম্পর্ক আরও গভীর হয়।
১৯৮২ সালে পরিচালক পি. জি. বিশ্বম্ভরনের ‘ইথু ঙ্গালুডে কথা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সন্তোষ নায়ারের। এরপর তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেন। ভিলেন, কৌতুক ও চরিত্রাভিনেতা-সব ধরনের ভূমিকায় নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। ‘ইরুপাথাম নূট্টান্ডু’ সিনেমায় তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।
নব্বইয়ের দশকের শেষ দিকে কিছু সময়ের জন্য অভিনয় থেকে দূরে থাকলেও পরবর্তীতে আবার নিয়মিতভাবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এই অভিনেতা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মোহিনীয়াট্টম’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে।
আরও পড়ুন:
বড় ব্যবধানে হারলেন নায়ক সোহম ও নায়িকা সায়ন্তিকা, চমক দেখালেন রুদ্রনীল
বিজয়কে কেন ‘থালাপতি’ বলা হয়, জানেন এর অর্থ কী?
১৯৬০ সালের ১২ নভেম্বর তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেন সন্তোষ নায়ার। ছাত্রজীবনে রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে বন্ধুবৎসল ও প্রাণবন্ত মানুষ হিসেবে পরিচিত এই অভিনেতা শেষ দিন পর্যন্ত সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন।
এমএমএফ