ইন্ডিয়া`স ডটারের প্রশংসায় মেরিল স্ট্রিপ


প্রকাশিত: ০৭:২৮ এএম, ১১ মার্চ ২০১৫

ভারতে নিষিদ্ধ তথ্যচিত্র `ইন্ডিয়া`স ডটার` নিউ ইয়র্কে প্রিমিয়ার শো হয়ে গেল। ব্রিটিশ পরিচালক লেসলি উডউইনের বির্তকিত এই তথ্যচিত্রটি দেখতে এসেছিলেন মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। তথ্যচিত্র দেখে তিনি মঞ্চে উঠে বলেন,  “আসল নাম জানতে পারিনি বহুদিন। শুধু জেনেছিলাম ও ভারতের মেয়ে। তবে আজ থেকে নির্ভয়া শুধু ভারতের নয়, আমাদেরও মেয়ে।”

বারুচ কলেজ অব সিটি ইউনিভার্সিটির প্রেক্ষাগৃহে এই প্রদর্শনী উপলক্ষে অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও ফ্রিডা পিন্টোর সঙ্গে ছিলেন ফারহান আখতারও। ধর্ষকের আত্মপক্ষ সমর্থন ভবিষ্যতে ধর্ষণের ঘটনায় উৎসাহ জোগাতে পারে তথ্যচিত্র নিষিদ্ধ করার ক্ষেত্রে নয়াদিল্লির এই যুক্তি ভুল প্রমাণ করতেই যেন সোমবার তিলধারণের জায়গা ছিল না নিউইয়র্কের প্রেক্ষাগৃহে।

ভারত সরকার নিষেধাজ্ঞা চাপালেও মার্কিন মুল্লুক এ দিন ছবির প্রদর্শনী শেষে অভিনন্দন জানায় পরিচালক উডউইনকে। প্রিমিয়ারে নির্ভয়ার স্মৃতির উদ্দেশ্যে ১২টি মোমবাতিও জ্বালান মেরিল।

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লির চলন্ত বাসে গণ ধর্ষণের ঘটনা নিয়ে ছবি ইন্ডিয়া`স ডটার। লেসলি উডউইন পরিচালিত তথ্যচিত্র ভারত নিষিদ্ধ ঘোষণা করার আগেই ভাইরাল হয়েছিল ইউটিউবে।

এমজেড/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।