রাজন সাহার সুরে সুবীর নন্দীর কাগজের চিঠি


প্রকাশিত: ০১:১২ পিএম, ১৮ মার্চ ২০১৫

দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী। দীর্ঘ দিনের ক্যারিয়ারে তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয়-কালজয়ী গান।

সম্প্রতি গাইলেন আরো একবার। ‌সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক রাজান সাহার সুরে সুবীর নন্দীর নতুন এই গানের শিরোনাম ‘কাগজের চিঠি’। শাহান কাবন্ধ’র কথায় ইমন রাগের এই গানটি আসছে সেলিব্রেটি অ্যালবাম ‘চন্দ্রগ্রাস’এ।

গানটি নিয়ে সুরকার রাজন সাহা জাগোনিউজকে বলেন, ‘শ্রদ্ধেয় সুবীর নন্দীর জন্য গান সুর করতে দুই বছর সময় নিয়েছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, তার মতো কিংবদন্তিতুল্য শিল্পীর সাথে কাজ করতে পেরেছি। গানটি খুব চমৎকার হয়েছে। সুবীর নন্দীর ভক্তরা আশাহত হবেন না।’

অ্যালবাম নিয়ে তিনি আরো বলেন, ‘অনেক সময় নিয়ে অ্যালবামটি করছি। আমি সবসময়ই শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে চাই। গান করার জন্য গান নয়, গানের ভুবনে অমরত্ব নিয়েই বেঁচে থাকতে চাই আমি।’

অ্যালবামে বাংলাদেশ ও ভারতের অনেক স্বনামধন্য কণ্ঠশিল্পীকে পাওয়া যাবে। ইতিমধ্যে অ্যালবামের আরও ২টি গান রেকর্ডিং হয়েছে। কামরুজ্জামান শাহীনের কথায় ‘হৃদয়ে গুনগুন’ গানটি গেয়েছেন আরেক দেশ বরেণ্য সংগীত শিল্পী ফাহমিদা নবী। রাজন সাহার কথায় অ্যালবামের শিরোনাম গানটি গেয়েছেন বাংলা সংগীতের আরেক দিকপাল গুণী কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া।

বাংলাদেশ থেকে চন্দ্রগ্রাস অ্যালবামে সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ, মীর মাসুম ও রাজন সাহা।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।