র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবেন মিলা
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) চলতি বছরে পূর্ণ করতে যাচ্ছে তার পথচলার ১১টি বছর। এ উপলক্ষে র্যাব হেডকোয়ার্টারে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে দর্শক-শ্রোতাদের মন মাতাতে হাজির হচ্ছেন তারকা শিল্পী ‘মিলা’।
র্যাব ফোর্সেস এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে আগামী ২৮ মার্চ র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত হবে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পপুলার লাইফ ইন্সুরেন্স এলিট সাংস্কৃতিক সন্ধ্যা’।
এ অনুষ্ঠানে মিলা ছাড়া আরো গাইবেন আঁখি আলমগীর, রাজীব, কিশোর, পুজা সহ অন্যান্য শিল্পীবৃন্দ। সংগীতের পাশাপাশি থাকবে নৃত্য, কৌতুক সহ অন্যান্য পরিবেশনা।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় চিত্রতারকা আরেফিন শুভ ও লাক্স সুন্দরী মেহজাবিনসহ অন্যান্য শিল্পীবৃন্দ। কৌতুক পরিবেশন করবেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি।
এটিএন বাংলা অনুষ্ঠানটি ২৮ মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে র্যাব হেডকোয়ার্টার থেকে সরাসরি সম্প্রচার করবে। শিমুল ও মারিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ।
এদিকে নতুন একক নিয়ে মিলা আসছেন পহেলা বৈশাখে। অ্যালবামটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।
অনেকদিন ধরেই নেই তার কোন নতুন গান কিংবা অ্যালবাম। বেশ কয়েকবারই তিনি নতুন অ্যালবাম প্রকাশ করার ঘোষণা দিয়েছেন কিন্তু পরে আর সেই অ্যালবাম প্রকাশ হয়নি। তবে নতুন এই ঘোষণায় আবারো আশায় বুক বেঁধেছেন মিলার ভক্তরা।
জানা গেছে, মিলা তার অ্যালবামের মাস্টার কপি জি-সিরিজে জমা দিয়েছেন। অ্যালবামের নাম এখনও ঠিক হয়নি। অ্যালবামে সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান, আরফিন রুমি এবং মিলা নিজে।
মিলা নামেই পরিচিতি পাওয়া তাসবিয়া বিনতে শহীদ মিলা ফিউসন ও লোক ধরনের গান পরিবেশন করে জনপ্রিয়তা পান। মিলার প্রথম একক এলবাম ‘ফেলে আসা’ বের হয় ২০০৬ সালে। ‘বাবুরাম সাপুড়ে’, ‘সুন্দরী কমলা’ ইত্যাদি গানগুলো দিয়ে তিনি দেশব্যাপি গ্রহণযোগ্যতা পান।
এলএ/আরআই