মা দিবসে মেয়ের সঙ্গে সাবিনা ইয়াসমীন
মে মাসের প্রথম রবিবার বিশ্ব মা দিবস। সে হিসেবে এবারে আগামীকাল ১০ মে পালিত হবে মায়েদের জন্য বিশেষ এ দিনটি।
এ দিবসে এটিএন বাংলায় রাত ১১টায় প্রচার হবে মা দিবসের বিশেষ অনুষ্ঠান ‘মাকে মনে পড়ে’। যে বাঁধনে মা বেঁধে রাখেন তার সন্তানকে সে বাঁধন মায়ের বাঁধন, সে বাঁধন মায়ার বাঁধন। আর এ বাঁধনেই বেঁধে রেখেছেন মা সাবিনা ইয়াসমীন তাঁর মেয়ে বাঁধনকে।
মা মেয়ের এ বাঁধন নিয়েই প্রথমবারের মতো মা দিবসের আবেগঘন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমীন এবং তার কন্যা।
রুকসানা কবীর কাকলীর পরিকল্পনা ও উপস্থাপনা এবং রাসেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠাটি সাজানো হয়েছে বেশ কয়েকটি সেগমেন্ট নিয়ে। উপস্থাপকের সঙ্গে স্টুডিওতে আলোচনায় উঠে এসেছে মা-মেয়ের জীবনের অজানা সব গল্প।
আলোচনার পাশাপাশি থাকছে সাবিনা ইয়াসমীন এবং বাঁধনের খালি গলায় গাওয়া মাকে নিয়ে গান। অনুষ্ঠানে আরও তুলে ধরা হয়েছে একজন রত্নগর্ভা মায়ের সংগ্রামী জীবন কাহিনী। সন্তানের বাবা ছাড়াই একজন মা কিভাবে তাঁর সন্তানগুলোকে নানা প্রতিকুলতার মধ্যেও মানুষ করেছেন তারই প্রতিচ্ছবি উঠে এসেছে প্রতিবেদনে।
এছাড়াও বিশেষ শ্রদ্ধা জানাতে তুলে ধরা হয়েছে বৃদ্ধাশ্রমে যেসব মা জীবনের শেষ দিনগুলো পার করছেন অসম্ভব কষ্ট আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে, সেসব অভিমানী মায়েদের মর্মগাঁথা।
এলএ