জেলের ভেতর শাকিবের গান, কৌতূহল বেড়েছে ‘রকস্টার’র নতুন গান নিয়ে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১২ মে ২০২৬
‘পিরিতি’ গানের দৃশ্যে শাকিব খান। ছবি: সংগৃহীত

অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজারের পর এবার প্রকাশ পেল ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘রকস্টার’র প্রথম গান ‘পিরিতি’। পূর্বঘোষণা অনুযায়ী আজ (১২ মে) সন্ধ্যা সাতটার দিকে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই গানটি ঘিরে দর্শক-ভক্তদের মধ্যে কৌতূহল ও আলোচনা বেড়েছে।

গানটির সবচেয়ে বড় চমক এর চিত্রায়ণ। পুরো গানটি ধারণ করা হয়েছে কারাগারের ভেতরে। প্রকাশের পর ক্যাপশনে লেখা হয়েছে- ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালবাসার গল্পেরা।’ এই আবেগঘন ক্যাপশন ঘিরেও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা ও আগ্রহ।

গানটিতে শাকিব খানকে দেখা গেছে বিধ্বস্ত ও আবেগাপ্লুত অবস্থায়। তবে তিনি কেন জেলে গেছেন বা গল্পে তার চরিত্রের প্রকৃত পরিস্থিতি কী-সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

‘পিরিতি’ গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত, সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায়ও উপস্থিত রয়েছেন পান্থ কানাই।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানকে এবার দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে। তিনি কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নন, বরং একজন পেশাদার সংগীতশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন। চরিত্রের প্রয়োজনে তিনি শারীরিক পরিবর্তন এনেছেন এবং ওজনও কমিয়েছেন, যা আগেই দর্শকদের নজর কেড়েছিল।

চলতি বছরের ৫ মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পর থেকেই শাকিব খানের নতুন লুক এবং চরিত্র ঘিরে দর্শকমহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়। দেশ-বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে টিজারটি ট্রেন্ডিংয়েও উঠে আসে।

সিনেমাটির গানগুলোর বেশিরভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। পাশাপাশি রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনও গান লিখেছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া।

আরও পড়ুন:
সূর্যাস্তের আলোয় পরীমনি, ভক্ত বললেন, ‘নজর লাগবে তো’ 
ববিতা যে কারণে দ্বিতীয়বার বিয়ে করেননি 

গল্পকার আজমান রুশোর কাহিনিতে নির্মিত ‘রকস্টার’ সিনেমায় একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরা হবে বলে জানা গেছে। নির্মাতা জানান, নিজের সংগীত-অভিজ্ঞতা এবং বাস্তব রকস্টারদের জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে এই গল্প তৈরি করা হয়েছে।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।