বিয়ের পিঁড়িতে বসতে চায় না দীপিকা
ক্যারিয়ার গোছানো হয়ে গেলে বিয়ে করে সংসারী হওয়ার কথাই ভাবেন অধিকাংশ অভিনেত্রী। সেদিক থেকে দীপিকা পাড়ুকোণ কিছুটা ব্যতিক্রম যেন। ঝলমলে একটি ক্যারিয়ার পেয়েছেন ঠিকই তবে এখনই বিয়ের কথা ভাবছেন না এই বলিউড সুন্দরী। এমন কি আগামী কয়েক বছরেও তিনি বিয়ের কথা মুখে তুলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২৯ বছর বয়সে এসেও দীপিকা বিয়ে নিয়ে ভাবছেন না। এখন চলচ্চিত্রকে ঘিরেই তার শতভাগ মনোযোগ বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু চারদিকে জোর গুঞ্জন, `ব্যান্ড বাজা বরাত` খ্যাত অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করছেন দীপিকা। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রেমের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, ভবিষ্যতে তিনি নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়াবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।
এ ব্যাপারে দীপিকা পাড়ুকোন বলেন, `আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝেছি, একতরফা প্রেম চিরস্থায়ী নয়। পুরুষদের ওপর থেকে আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি। তাই প্রেম এবং বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে এসেছি।`
সূত্র জানায়, দীপিকার বিয়ের প্রতি অনীহাকে প্রথমদিকে তার বাবা-মা ভালো চোখে না দেখলেও এখন তারা মেনে নিয়েছেন।
সমালোচকরা বলছেন, `রণবীর কাপুরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় তিনি পুরুষদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাই এবার প্রেম ও বিয়ে- দুটি বিষয়কেই এড়িয়ে চলছেন।`
বর্তমানে দীপিকা পাড়ুকোন দুটি ছবির শুটিং করছেন। এগুলো হচ্ছে `তামাশা` এবং `বাজিরাও মাস্তানি`।
এইচএন/আরআই