শাকিব খানের সঙ্গে ছবি তুলতে পারলেন না, রিপন মিয়ার মন ভালো নেই
শাকিব খানের সঙ্গে ছবি তুলতে না পেরে মন খারাপ করে বাড়ি ফিরতে হয়েছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে। সম্প্রতি এক অনুষ্ঠানে মেগাস্টার শাকিব খানের দেখা মিললেও বডিগার্ডদের কড়া পাহারায় প্রিয় নায়কের সঙ্গে ফ্রেমবন্দি হতে পারেননি তিনি। বারবার অনুরোধ করেও শেষমেশ এক বুক কষ্ট নিয়েই বাড়ি ফিরতে হয়েছে এ কনটেন্ট ক্রিয়েটরকে।

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বেদনারসুরে তিনি বলেন, ‘শাকিব ভাইয়ের বডিগার্ডগুলো আমারে ছবি তুলতে দেয়নি। আমি একটু মনে কষ্ট পেয়েছি। সবাই যখন ছবি তুলছেন তখন আমারও ইচ্ছে ছিল তার সাথে একটা ছবি তোলার, কিন্তু শাকিব ভাইয়ের বডিগার্ডগুলা ছবি তুলতে দেয়নি।’
রিপন মিয়া জানান, তিনি সাধারণ দর্শক হিসেবে প্রিয় তারকার সঙ্গে স্মৃতি ধরে রাখতে চেয়েছিলেন। এই কনটেন্ট ক্রিয়েটরের ভাষায়, ‘আমি তাদেরকে বলছি ভাই আমি একটা ছবি তুলব। কয়, না না ছবি তোলা যাবে না। তিন-চারবার বলছি, ভেতর থেকে একটা কষ্ট আসছে এটা আমি সচক্ষে দেখছি, খুব কষ্ট পাইছি। ওই সময় কষ্ট লেগেছে, খুব খারাপ লাগছে ছবি তুলতে দেয় নাই।’

শাকিব খানের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে রিপন বলেন, ‘আমি শাকিব ভাইকে অনেক পছন্দ করি। ছোটবেলা থেকে তার সিনেমা দেখি। উনার নাচ-গান, অভিনয় সবই অসাধারণ। যত নতুন গান আসে সবগুলো দেখি। আমি ওনার একটা ফ্যান, কিন্তু ফ্যান হিসেবে একটা ছবি তুলতে পারলাম না এটা খুব খারাপ লাগছে আমার। ওনার যত ছবি আছে, যতগুলো গান আছে, মোটামুটি সব দেখা। কিন্তু শাকিব ভাইয়ের সাথে একটা ছবি তুলতে পারলাম না, এটা আমার আফসোস রয়ে গেল।’
সবশেষে তিনি বলেন, ‘এখন আর কষ্ট নাই, আগে ছিল। ছবি তুলতে পারিনি, হয়তো আমার ভাগ্যে ছিল না। সবাই আমার জন্য দোয়া করবেন। আর কথার মাধ্যমে অনেক ভুল হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই তো ভুল করে। আই লাভ ইউ।’
এমআই/জেআইএম