স্মরণ, রবীন্দ্র-নজরুলের গানে গানে নৃত্য
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম জয়ন্তীতে স্মরণ করা হয় দুই কবিকে। তাদের সৃষ্টিকর্ম নিয়ে কথা ও তাদের গানে গানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল (১৪ মে) জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজন করা হয় অনুষ্ঠান ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী: নৃত্যগীতি ও প্রবন্ধ পাঠ’। এই সন্ধ্যার অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রখ্যাত শিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের নির্দেশনায় পরিবেশিত নৃত্য-সঙ্গীতনির্ভর মূকনাট্য। এই পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সঙ্গীত ও দর্শনবিষয়ক ঐতিহ্যের এক সৃজনশীল সমন্বয়কে উপস্থাপন করে। এই পর্বে শিল্পীরা রবীন্দ্রনাথ ও নজরুলের ১৪টি জনপ্রিয় গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ১৩টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর আঁকা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির একটি চিত্রকর্ম প্রদর্শনীও আয়োজন করা হয় এ অনুষ্ঠান উপলক্ষ্যে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নবীন শিল্পীদের সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান কুমার বঢ়ে। অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিক মনজুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ রেজা।
নৃত্যাঞ্চল ও বহুমাত্রিক ডটকমের সহযোগিতায় যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র ঢাকা, কালচারাল স্কুল তপোবন, ইতিহাস ও ঐতিহ্য পরিষদ।