বিয়ের পোশাক নিয়ে আলোচনায় গাগা
কাঁচা মাংসের পোশাক, সাপের চামড়া দিয়ে তৈরি হ্যান্ডব্যাগ এমনই সব অদ্ভুত পোশাক আর অনুষঙ্গ দিয়ে বারবার মিডিয়াপাড়ায় যিনি আলোচনায় এসেছেন, তিনি লেডি গাগা। লেডি গাগার পোশাক মানেই ব্যতিক্রম আর অভাবনীয় কিছু। বিয়ের কথা ভাবছেন লেডি গাগা। এই পপতারকার বিয়ের পোশাকটিতেও যে বাড়তি কোনো চমক থাকবে সে তো সহজেই অনুমেয়।
বিয়ের পোশাকের নকশা কেমন হবে, তা নিয়ে প্রসিদ্ধ সব ডিজাইনারের সঙ্গে আলোচনা করছেন গাগা। এর মধ্যে রয়েছেন জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফেল্ড, ফিলিপাইনের ফ্যাশন ডিজাইনার মনিকিউয়ে, ইতালিয়ান ডিজাইনার আলবের্তো ফেরিরত্তি, মার্কিন ডিজাইনার ডোনা ক্যারেন, বেলজিয়াম বংশোদ্ভূত মার্কিন ডিজাইনার দিয়ান ফন ফার্সটেনবার্গ থেকে শুরু করে নামকরা অনেকে। এরই মধ্যে বিখ্যাত এ ডিজাইনাররা লেডি গাগাকে পাঠিয়েছেন তাদের নকশা করা প্রায় ৩০টি বিয়ের পোশাকের ডিজাইন।
সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটের মাধ্যমে বিষয়টি জানান এ গায়িকা। সেখানে তিনি বলেন, `আমি ভাষাহীন। বিখ্যাত এ নকশাবিদদের সবাইকে ধন্যবাদ তাদের উদারতার জন্য।` যদিও গাগা এখনো জানাননি, কী ধরনের নকশাকে তিনি বিয়ের পোশাকের ক্ষেত্রে প্রাধান্য দেবেন।
অভিনেতা টেইলর কেনির সঙ্গে সম্পর্কের কথা জানানোর পর গাগাভক্তরা অপেক্ষা করছেন এ জুটির বিয়ের দিনটির জন্য। চলতি বছরের ভালোবাসা দিবসে এক টুইটের মাধ্যমে কেনির সঙ্গে বাগদানের বিষয়টি জানান এ মনস্টার গার্ল।
সূত্র : বণিকবার্তা ডটকম
এইচএন/আরআই