জয়-পারভেজের তা না না না


প্রকাশিত: ০৮:০৬ এএম, ৩১ মে ২০১৫

জনপ্রিয় দুই সঙ্গীত তারকা জয় শাহরিয়ার ও পারভেজ সাজ্জাদ। জয়ের ‘সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না’ গানটি যেমন শ্রোতাপ্রিয়তা পেয়েছিলো তেমনি পারভেজের দরদী গলায় ‘যাবি যদি উড়ে দূরে নীল অজানাতে’ গানটিও লুফে নিয়েছিলেন শ্রোতারা।

সেই থেকেই দুই গায়কের উড়ন্ত সূচনা। তারপর পথ চলেছেন সাফল্যের গা ছুঁয়ে। এক প্রজন্মের এই দুই সঙ্গীতশিল্পী ২০১২ সাল থেকে এক হয়ে কাজ করছেন ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’-এ।

এই প্রজেক্টের আওতায় জয় ও পারভেজ কভার করছেন পুরনো অনেক গান। সেই ধারাবাহিকতায় এবার তারা লোকগান দিয়ে তৈরি করেছেন ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’-এর দ্বিতীয় অ্যালবাম। নাম রেখেছেন ‘তা না না না’।

শিল্পীরা জানান, মোট ৭ টি লোক গান দিয়ে অ্যালবাম সাজানো হয়েছে। আসছে ঈদেই ঈগল মিউজিকের ব্যানারে পাওয়া যাবে জয়-পারভেজের তা না না না।

শিল্পীরা আরো জানালেন, লালন সাঁই, শাহ আব্দুল করিম, পবন দাস বাউল, জালাল ফকিরসহ কালজয়ী কয়েকজন সুরস্রষ্টার গান রয়েছে অ্যালবামে। এই কিংবদন্তিদের প্রচলিত গানগুলোতে প্রাচ্য ও পাশ্চাত্যের সম্মিলন সংযোজন করা হয়েছে।

তারা জানালেন, শ্রোতাদের ভিন্ন মাত্রার বিনোদন দিতে অ্যালবামের একাধিক গানের ভিডিও তৈরি করা হবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।