ধারাবাহিক নাটক বানাচ্ছেন কবরী


প্রকাশিত: ০৮:৩০ এএম, ৩১ মে ২০১৫

বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে তিনি। তার অভিনয় করা সোনালী দিনের রোমান্টিক ছবিগুলো আজও কোটি হৃদয়ে নাড়া দিয়ে যায়। একটা সময় চলচ্চিত্রে ব্যস্ততা কমিয়ে জড়িয়েছেন রাজনীতিতে। মানুষের ভালোবাসায় সম্মানীত সাংসদও নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রাভিনেত্রী কবরী সারোয়ার।

সংসার আর সংসদ সামলে হুট হাট কিছু কাজ করেন চলচ্চিত্রে। বর্তমানে হাতে রয়েছে নিজের পরিচালনায় দ্বিতীয় ছবির কাজ। তারই ফাঁকে শুরু করেছেন একটি ধারাবাহিক নাটকের কাজ। এই নাটক দিয়েই প্রথমবারের মতো কোনো ধারাবাহিকের সাথে জড়িত হলেন কবরী।

জানা গেছে, চ্যানেল আইয়ের জন্য নির্মিত এই নাটকের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় করছেন কবরী নিজেই। আপাতত প্রাথমিকভাবে নাটকটির নাম ঠিক করা হয়েছে ‘কখনো সখনো’।

কবরী জানালেন, ছোট পর্দার কাজ হলেও তিনি নাটকে রাখবেন চলচ্চিত্রের আবহ। তাই তার নাটকের কলাকুশলীদের বেশিরভাগই বড় পর্দার। তাদের মধ্যে রাজ্জাক, রিয়াজ, কাজী উজ্জ্বলের নাম উল্লেখযোগ্য। পাশাপাশি নাটকে দেখা যাবে ছোট পর্দারও কিছু জনপ্রিয় মুখ।

পাশাপাশি চলচ্চিত্রের ইমেজ আনতে নাটকটিতে একাধিক গানও রাখা হয়েছে। একটি গানে থাকবেন রিয়াজ ও অহনা।

কবরী আরো জানান, এরইমধ্যে প্রথম লটের শুটিং শেষ করেছেন। কয়েকদিনের মধ্যে শুরু হবে দ্বিতীয় লটের কাজ। একটা থ্রিলারধর্মী গল্প নিয়েই নির্মিত হবে ধারাবাহিকটি।

আগামী ঈদুল ফিতরের পর থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হবে কবরী পরিচালিত ‘কখনো সখনো’ নাটকটি।
 
উল্লেখ্য, বড় পর্দায় রাজ্জাক-কবরী জুটি বেধে অভিনয় করলেও নাটকে এই প্রথম তারা জুটি বাঁধলেন।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।