নতুন করে অ্যানি!
হঠাৎ করেই নীরব হয়ে গিয়েছিলেন। মডেলিং, নাটক-কোথাও দেখা যায়নি বেশ কিছুদিন। তবে নতুন করে নতুন পরিচয়ে আবারো হাজির অ্যানি খান।
রেডিও ৭১ (এফএম ৯৮.৪ )-এর ‘উইকেন্ড স্পেশাল নাইট’ অনুষ্ঠানের আর জে হিসেবে দেখা যাবে তাকে। আর এই অনুষ্ঠানে অ্যানির সাথে আরজে হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী রুপম।
আগামী ৪ জুন থেকে প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে। এ প্রসঙ্গে অ্যানি জাগো নিউজকে বলেন, ‘এর আগে বেশ কিছু রেডিও অনুষ্ঠানে অতিথি হিসেবে যাওয়া হয়েছে। তবে এই প্রথম আরজে পরিচয়ে শ্রোতাদের সামনে আসছি। আশা করছি অনুষ্ঠানটি সকলের ভালো লাগবে।
প্রতিটি অনুষ্ঠানে একটি বিশেষ টপিক নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে শ্রোতাদেরও আমাদের পছন্দের গানগুলো শোনাবো।’
এদিকে সোমবার থেকে রাজধানীর অদূরে পুবাইলে একটি শুটিং হাউজে আসন্ন ঈদের জন্য নির্মিত ‘নামের বিড়ম্বনা’ শিরোনামে একটি নাটকের অভিনয় করছেন অ্যানি। নাটকটির শুটিং শেষ হবে মঙ্গলবার। এতে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ।
নাটকটি পরিচালনা করছেন শিমুল সরকার। আসন্ন রোজার ঈদে যেকোনো একটি টেলিভিশন চ্যানেল এ নাটকটি প্রচারিত হবে।
এলএ