শহীদের বিয়ে নিয়ে লঙ্কাকাণ্ড!
বিয়ে করছেন বলিউড তারকা শহীদ কাপুর। পাত্রী দ্ল্লিীর মেয়ে মীরা রাজপুত। এ খবর পুরোনো। কিন্তু বিরক্তির বিষয় হলো এ বিয়ে নিয়ে নানা কাণ্ড ঘটছে। আজ মিডিয়ায় খবর আসছে বিয়ে হবে, তো পরদিনের খবর বিয়ে হচ্ছে না!
শুরুতে গুঞ্জন ছড়ায়, চলতি বছরের ডিসেম্বরে দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে বিয়ে হবে তার। পরবর্তীতে তা এগিয়ে আসে চলতি জুন মাসে। এখন শোনা যাচ্ছে তাদের গাঁটছড়া বাঁধার দিনক্ষণ আবার পিছিয়েছে। সব ঠিক থাকলে আগামী ১০ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন বলিউডের এই অভিনেতা।
গ্রিসে বিয়ে করার কথা হাওয়ায় শোনা গেলেও জানা গেছে, দিল্লিতে বিয়ে আর মুম্বাইতে বিবাহোত্তর সংবর্ধনা হবে। শহীদের ঘনিষ্ঠ এক বন্ধু জানান, বিয়ের আয়োজন চলবে তিন দিনব্যাপি। অনুষ্ঠানে কনে-পক্ষের পাশাপাশি শহীদের বাবা পঙ্কজ কাপুর, মা নীলিমা আজিম, সৎ মা সুপ্রিয়া পাঠক এবং ভাইবোন ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু থাকবেন।
শহীদের ওই বন্ধু আরও জানান, ৫ থেকে ৮ জুলাই পর্যন্ত সংগীত এবং বিয়ের বাকি অনুষ্ঠানগুলো চলবে।
এদিকে দাম্পত্য জীবনে ঢোকার আগেই বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার প্রস্তাব আসতে আসতে শুরু করেছে শহীদ ও তার হবু বউ মীরার কাছে। এর মধ্যে রয়েছে বিবাহ সম্পর্কিত ওয়েবসাইট, রঙ, আসবাব ইত্যাদি।
গত ৫ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে বিয়ে নিয়ে শহীদের কাছে নানা প্রশ্ন এসেছে। কিন্তু বরাবরের মতোই উত্তর না দিয়ে মৃদু হেসে চলে যান ৩৪ বছর বয়সী এই অভিনেতা।
‘হায়দার’ ছবির জন্য আইফা পুরস্কার জিতলেও শহীদ বর্তমানে একরকম বেকার। তিনি সম্প্রতি কাজ করেছেন ‘উড়তা পাঞ্জাব’ এবং ‘শানদার’ ছবিতে। এগুলো মুক্তি পাবে চলতি বছরই।
এলএ/এসআরজে