নিজের জনপ্রিয় গান নিয়ে ফিরছেন রোজিনা
চিত্রনায়িকা রোজিনা অভিনীত অসংখ্য চলচ্চিত্রের গান কালজয়ী হয়েছে। সেসব গানের সুর-দৃশ্য আজও অনেককেই মুগ্ধ করে, রোমাঞ্চিত করে। সেগুলোর মধ্য থেকে ছয়টি গান পুনরায় নতুন করে নির্মাণ করছেন রোজিনা। এগুলো নিয়ে তৈরি হবে বিশেষ অনুষ্ঠান। যার পরিকল্পনা ও পরিচালনা করবেন জনপ্রিয় এই নায়িকা নিজেই।
এসব গানের চিত্রায়নেও থাকছেন তিনি। আর নায়ক হিসেবে থাকছেন ভিন্ন প্রজন্মের নায়কেরা। এর মধ্যে ‘রাজা সাহেব’ ছবির ‘ঢাকো যত না নয়ন তোমার’ (আলমগীর) এবং ‘মানসী’ ছবির ‘এই মন তোমাকে দিলাম’ (ওয়াসিম) গানে রোজিনার সঙ্গে দেখা যাবে ওমর সানিকে। এগুলোর চিত্রায়ন হয়েছে গত ৭ জুন।
২৪ বছর আগে ‘অগ্নিপথ’ ছবিতে রোজিনার সঙ্গে অভিনয় করেছিলেন ওমর সানি। তিনি বাংলানিউজকে বললেন, ‘বহু বছর পর রোজিনা ম্যাডামের মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করলাম। ভালো লাগলো। তিনি এখনও নিজেকে যেভাবে ধরে রেখেছেন তা নতুন প্রজন্মের মেয়েদের কাছে শিক্ষণীয়।’
এদিকে আগামী ১২ জুন ‘দোলনা’ ছবির ‘তুমি আমার কতো চেনা’ (আলমগীর) এবং ‘পুনর্মিলন’ ছবির ‘পৃথিবীর সবকিছু হয়তো একদিন হারিয়ে যাবে’ (ফারুক) গানে রোজিনার সঙ্গে অমিত হাসানের নাচের দৃশ্য চিত্রায়ন করা হবে। পরদিন ‘অন্যায় অবিচার’ ছবির ‘ছেড়ো না ছেড়ো না হাত’ (মিঠুন চক্রবর্তী) ও ‘পুনর্মিলন’ ছবির ‘এক নীড়ে দুটি পাখি’ (ফারুক) গানে রোজিনার সঙ্গে নাচবেন জায়েদ খান।
গানগুলোর নৃত্য পরিচালনা করছেন আজিজ রেজা। তিনি ফেসবুকে লিখেছেন, ‘২০ বছর পর রোজিনা আপার সঙ্গে কাজ করলাম। সেই স্বর্ণযুগের রোজিনা আর এই সময়ের রোজিনার মধ্যে কোনো তফাৎ নেই। তার সঙ্গে কাজ করে জীবনটা সার্থক।’
২০০৫ সালে সর্বশেষ ‘রাক্ষসী’ ছবিতে অভিনয় করেন রোজিনা। সাম্প্রতিক বছরগুলোতে টিভি নাটক কিংবা টেলিছবি নির্মাণ করেছেন তিনি। তবে গত দুই বছর তাতে ছন্দপতন ঘটে।
এ বিষয়ে আলাপকালে রোজিনা বললেন, ‘আমি লন্ডনে থাকি। এবার দেশে ফিরে এ অনুষ্ঠানটির পরিকল্পনা করলাম। নাটক-টেলিছবির বাইরে আর্কাইভ হয়ে থাকবে এমন কিছু চেয়েছিলাম। অনুষ্ঠানটির নাম এখনও ঠিক করিনি। আসছে রোজার ঈদে চ্যানেল আইতে প্রচার হবে এটি।’
এলএ