রোববার ঢাকায় আসছেন সোহম
নানা প্রয়োজনে কলকাতার অনেক শিল্পীরাই বাংলাদেশ ঘুরে গেলেও কখনো আসা হয়নি সোহমের। শোনা যাচ্ছে, শিগগির ঢাকায় আসছেন কলকাতার ব্যস্ত এই নায়কটি। এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর।
জানা গেছে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার একটি ছবির মহরত অনুষ্ঠানে অংশ নিতে আসছেন তিনি। ছবিটির প্রযোজনা সংস্থা কিবরিয়া ফিল্মস সূত্র এমনটাই নিশ্চিত করে। সূত্র আরও জানায়, `বুলেট` [সম্ভাব্য নাম] শীর্ষক এ ছবিটির মহরত হবে আসছে রোববার, ১৪ জুন সন্ধ্যায় নগরীর ভিক্টোরিয়া হোটেলে। এ উপলক্ষে এদিন সকালে কলকাতার একটি ফ্লাইটে ঢাকায় উড়ে আসবেন সোহম। সন্ধ্যায় মহরত অনুষ্ঠান শেষ করেই ফের উড়াল দেবেন কলকাতার উদ্দেশে।
আরো জানা গেছে, ছবিটিতে সোহমের বিপরীতে অভিনয় করবেন লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম। মহরত অনুষ্ঠানে কলকাতার নায়ক সোহম আর ঢাকার নায়িকা মীম ছাড়াও উপস্থিত থাকবেন ছবিটির কলকাতার পরিচালক রাজা চন্দ্র ও প্রযোজক রানা সরকার।
সোহমের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করে ছবিটির বাংলাদেশি প্রযোজক ও পরিচালক মো. কিবরিয়া লিপু বলেন, ‘সোহমের শিডিউল ফাঁকা পাওয়া মুশকিল হয়ে গেছে। অনেক কষ্টে ১৪ জুন ফাঁকা করেছি, ও ঢাকায় আসছে। আশা করছি জমকালো আয়োজনে সবাইকে সঙ্গে নিয়ে শুভ মহরত করতে পারব।’
প্রযোজক-পরিচালক সূত্রে জানা গেছে, সোহম-মীম জুটির অ্যাকশনধর্মী এ ছবিটির শুটিং শুরু হচ্ছে ২২ জুলাই থেকে ভারতের বিভিন্ন লোকেশনে।
এলএ