দর্শকদের অনুরোধে আবারো মিডল ক্লাস সেন্টিমেন্টাল
মডেল, উপস্থাপক ও অভিনেত্রী সোনিয়া হোসেন অভিনীত ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’ নাটকটি গেল কোরবানী ঈদে এনটিভিতে প্রচার হয়েছিলো। দর্শকদের অনুরোধে নাটকটি আবারো শনিবার রাত ১১টা ৩০ মিনিটে পুন:প্রচার হতে যাচ্ছে।
সোনিয়া ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন নাট্য নির্মাতা আশফাক নিপুণ ও আদনান আল রাজীব। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন আদনান আল রাজীব।
এ নাটকটি পুন:প্রচার হওয়া প্রসঙ্গে সোনিয়া জাগো নিউজকে বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রটি অনেক সুন্দর। এটি আমার নিজের করা সেরা কাজের একটি বলেই মনে করি। নাটকটি যখন প্রথমবার প্রচার হয় দারুণ সাড়া পেয়েছিলাম। দর্শকদের অনুরোধে নাটকটি আবারো এনটিভি পুন:প্রচার করছে জেনে খুব ভালো লাগছে।’
সোনিয়া হোসেন ২০০৩ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার শীর্ষ পাঁচে স্থান পেয়েছিলেন। এরপর তিনি এশিয়াটিক, ইউনিলিভারসহ বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্যের মডেল হিসেবে কাজ করেন। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ২০০৫ সালের ভালোবাসা দিবসে প্রচারিত ‘প্রেমে পড়ার গল্প’ নাটকে প্রথম অভিনযের মাধ্যমে ছোটপর্দায় যাত্রা শুরু সোনিয়ার। এরপর উল্লেখ করার মতো বেশ নাটকে কিছু কাজ করেন সোনিয়া। তারপর ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পড়াশোনার জন্য দেশের বাইরে ছিলেন।
গেল বছর নতন করে দেশে ফিরে আবারো ব্যস্ত হয়ে পড়েছেন নাটক-বিজ্ঞাপনে। পাশাপাশি কাজ করেছেন সম্প্রতি মুক্তি পাওয়া আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ চলচ্চিত্রে। এখানে অভিনয় করে প্রশংসা পেয়েছেন সোনিয়া। বর্তমানে বেশ কিছু ঈদের নাটকে কাজ শেষ করেছেন। হাতে আরো কিছু কাজের প্রস্তাব।
এলএ