প্রাণ আপ গল্প স্বল্প গানের অতিথি নিপুন
প্রাণ আপের নিবেদনে আড্ডা ও গান নিয়ে একুশে টেলিভিশনের জনপ্রিয় আয়োজন ‘গল্প স্বল্প গান’। অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়িকা নিপুন।
অনুষ্ঠানে আড্ডাচ্ছলে নিপুন বলবেন নিজের ক্যারিয়ার, কাজ, সাফল্য ও ব্যক্তি জীবনের নানা কথা।
নিপুন ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন ২০০৬ সালে। তার প্রথম ছবির নাম রত্নগর্ভা মা। এ পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৬ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘সাজঘর’ ছবিতে অভিনয় করে সেরা পার্শ চরিত্রের অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর ২০০৮ সালে মুহম্মদ হান্নানের পরিচালনায় চাঁদের মতো বউ ছবিতে নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
আর গেল মাসে টরেন্টোতে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ‘৭১-এর মা জননী’ ছবির জন্য অ্যাওয়ার্ড পান নিপুন। ছবিটি আবারও এ বছরের ঈদে প্রদর্শন করা হবে।
বড়পর্দার পাশাপাশি বিশেষ দিনগুলোতে ছোটপর্দাতেও দেখা যায় নিপুনকে। এবার ঈদেরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন নিপুন।
অনুষ্ঠানটি নিপুন ছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন সিনিয়র সাংবাদিক সেলিম ওমরাও খান ও অতিরিক্তি মহা পুলিশ পরিদর্শক (প্রশাসন ও অপারেশন) মোহাম্মদ মোখলেসুর রহমান।
ফৌজিয়া এরিনার প্রযোজনায় অনুষ্ঠানটি একুশে টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে রাত ১০টা ১০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনাও করছেন তিনি।
এলএ