বিজ্ঞাপনে দীপু নাম্বার টু’র দীপু


প্রকাশিত: ১০:৫১ এএম, ১৪ জুন ২০১৫

মোরশেদুল ইসলামের পরিচালনায় ‘দীপু নাম্বার টু’ ছবিতে দীপু চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন সেই সময়ের কিশোর অভিনেতা অরুণ সাহা। এরপর নানা রকম কাজে প্রস্তাব পেলেও তিনি আর পর্দায় হাজির হননি।

তবে নতুন খবর হলো প্রায় ২০ বছর বিরতি শেষে শোবিজে আবারো যাত্রা শুরু করলেন তিনি। সম্প্রতি একটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেছেন অরুণ সাহা।

অরুণ নিজেই জানালেন, ওকাপিয়া নামের একটি মোবাইল ফোনের মডেল হয়েছেন তিনি । শরাফ আহমেদ জীবনের পরিচালনায় সম্প্রতি বিজ্ঞাপনটির চিত্রধারণের কাজ শেষ হয়েছে।


বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে অরুণ সাহা বলেন, ‘পড়াশোনাসহ নানা ব্যস্ততায় দীপু নাম্বার টু’র পর নিয়মিত অভিনয় করা হয়নি। তবে অনেক দিন পর মোবাইলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলাম। আশা করি সবার ভাল লাগবে। আর এখন থেকে টুকটাক কাজ করারও ইচ্ছে আছে।’

মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’ অবলম্বনে ১৯৯৩ সালে মোরশেদুল ইসলাম নির্মাণ করেছিলেন একই নামের ছবিটি। এতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী দীপুর জীবনের চাওয়া পাওয়া, হাসি-কান্না, সুখ-দুঃখ তুলে ধরা হয়। ২০ বছর আগে সেই কিশোরের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ সাহা।


এলএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।