সেন্সর বাতিল হলেও ঈদে টিভিতে দেখা যাবে শাকিব খানের ‘প্রিন্স’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৮ মে ২০২৬
ঈদে টিভিতে দেখা যাবে শাকিব খানের ‘প্রিন্স’

রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ এবার আসছে টেলিভিশনের পর্দায়। কোরবানির ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে সিনেমাটির টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

শাকিব খান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য ও ইন্তেখাব দিনার।

অনুমোদন ছাড়াই নতুন গান ও দৃশ্য সংযোজনের অভিযোগে সিনেমাটির সেন্সর সনদ স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এরপর প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়। তবে টেলিভিশন প্রিমিয়ারের মাধ্যমে আবারও দর্শকদের সামনে ফিরছে আলোচিত এই সিনেমা। 

মুক্তির সময় দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও প্রত্যাশা অনুযায়ী ব্যবসায়িক সাফল্য পায়নি সিনেমাটি। সিনেমার পোস্টার, টিজার ও গান প্রচারে দেরি হওয়ায় শুরু থেকেই প্রচারণায় ঘাটতির অভিযোগ ওঠে।

এছাড়া মুক্তির পর সিনেমাটির সাউন্ড, কালার গ্রেডিং, ভিএফএক্স ও গল্পের সামঞ্জস্য নিয়েও দর্শকদের সমালোচনার মুখে পড়ে ‘প্রিন্স’।

প্রিন্সসহ কোরবানির ঈদে চ্যানেল আইয়ে সাত দিনে সাতটি সিনেমার টিভি প্রিমিয়ার হবে। ঈদের দিন দেখা যাবে মিঠু খানের ‘নীল চক্র’। অভিনয়ে আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী প্রমুখ। তৃতীয় দিন প্রচারিত হবে ‘সাবা’। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার প্রমুখ।

ঈদের চতুর্থ দিন রয়েছে আদর আজাদ, পূজা চেরী অভিনীত ‘টগর’। পরিচালনা করেছেন আলোক হাসান। জয়া আহসান অভিনীত ‘জয়া আর শারমিন’ দেখা যাবে ঈদের পঞ্চম দিন। এটি পরিচালনা করেছেন পিপলু আর খান। ষষ্ঠ দিন দেখানো হবে ‘বাড়ির নাম শাহানা’। পরিচালনা করেছেন লিসা গাজী। অভিনয়ে ইরেশ যাকের, আনান সিদ্দিক প্রমুখ।

সপ্তম দিন প্রচারিত হবে কুসুম শিকদার পরিচালিত ‘শরতের জবা’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন কুসুম। আরও আছেন ইয়াশ রোহান, নিদ্রা দে নিহা প্রমুখ। প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সিনেমাগুলো।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।