এফডিসিতে মারামারি!
বসেছিলাম বিএফডিসির ক্যান্টিনের সামনে। হঠাৎ চিৎকার চেচামেচি কানে আসলো। দৌঁড়ে গিয়ে দেখলাম ধারালো অস্ত্র হাতে একদল সন্ত্রাসী তাড়া করেছে লোকজনকে। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছুটছেন মানুষ। যে যেদিকে পারছেন সেদিকেই নিরাপত্তার সন্ধাণ করছেন। তারই ফাঁকে সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত করেছে মানুষজনকে।
কোলাহলে কৌতুহল মিটাতে গিয়ে মঙ্গলবার দুপুরে এমনই এক ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখী হতে হলো। তবে এটি বাস্তব কোনো ঘটনা নায়। শাকিব খান অভিনীত নতুন ছবি রাজাবাবুর শুটিংয়েই এই দৃশ্যটি ধারণ করা হয়েছে।
ছবটির পরিচালনা করছেন ঢাকাই ছবিতে হিট সুপার হিট ছবির পরিচালক বলে খ্যাত বদিউল আলম খোকন। তিনি জানালেন, কথা থাকলেও অসুস্থ থাকার কারণে নির্ধারিত সময়ে শাকিব সময় দিতে পারেননি। তাই ছবিটির শুটিং যথা সময়ে শুরু করতে পারেননি খোকন। সুস্থ হয়ে দেশে ফিরে শাকিব ব্যস্ত হয়ে পড়েন `সম্রাট দ্য কিং ইজ হেয়ার` ছবিটি নিয়ে। এরপর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শফিক হাসান পরিচালিত `ধূমকেতু` ছবিতেও শিডিউল দেন তিনি। তাইতো শাকিবের শিডিউল না পাওয়াতে তাকে ছাড়াই বিএফডিসিতে ছবির শুটিং শুরু করলেন বদিউল আলম খোকন।
খোকন জানালেন, অন্য ছবি নিয়ে শাকিব ব্যস্ত থাকায় আপাতত মারামারির কিছু দৃশ্য দিয়েই রোববার থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। শিগগির শাকিব রাজাবাবুর জন্য শিডিউল দিবেন। তখন ছবির নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে তাদের দৃশ্য ধারণ করা হবে।
পরিচালক আরো জানালেন, এখানে আরো কয়েকদিন শুটিং চলবে। তারপর দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করা হবে। ছবিটির বেশ কিছু গানের জন্য দেশের বাইরেও যাওয়া হবে বলে জানালেন খোকন।
প্রসঙ্গত, শুরুতে ‘রাজাবাবু’ ছবিতে শাকিব খানের বিপরীতে অপুর পাশাপাশি চিত্রনায়িকা আঁচলেরও অভিনয় করার কথা ছিলো। কিন্তু নানা জটিলতায় ছবির শুটিং পেছাতে থাকে। এক পর্যায়ে ছবির গল্পও পাল্টে যায়। তাই গল্পের চাহিদা অনুযায়ী আঁচলের স্থলাভিসিক্ত হয়েছেন ববি। শাকিব খান প্রযোজনায় ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিতে নায়িকা ছিলেন অপু বিশ্বাস ও ববি।
ছবি সৌজন্যে : এ এইচ মুরাদ
এলএ