‘ছুটি কক্সবাজার’র উদ্যোগে নতুন পডকাস্ট ‘ছুটির গল্প’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১৮ মে ২০২৬
‘ছুটি কক্সবাজার’র উদ্যোগে নতুন পডকাস্ট ‘ছুটির গল্প’।

ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসেবে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরও করেন।

রোববার রাতে শেরাটন ঢাকায় ভ্রমণ, যাপন ও বিনোদনকে কেন্দ্র করে নির্মিত এ পডকাস্টটির প্রথম পর্বেই গুণী শিল্পী দম্পতি সেলিম-রোজি যেন গল্পের ঝাঁপি খুলে বসেন। তাদের দীর্ঘ দাম্পত্য, অভিনয় জীবনের নানা স্মৃতি, দেশে-বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা এবং অতিথিসেবা নিয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণে সমৃদ্ধ হয়ে ওঠে পুরো পর্বটি। সঞ্চালনায় ছিলেন আরমান পারভেজ মুরাদ।

রোজী সিদ্দিকী বলেন, ‘প্রাণবন্ত এমন একটি আয়োজনে অতিথি হতে পেরে খুব ভালো লেগেছে। আমরা প্রাণ খুলে গল্প করেছি। আশা করছি, আগামী পর্বগুলোতে দর্শক হিসেবেও দারুণ উপভোগ করবো। ছুটি কক্সবাজারকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। তাদের যে কোনো ভালো উদ্যোগের পাশে আছি।’

শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ছুটি কক্সবাজারের প্রতিটি উদ্যোগেই নান্দনিকতার স্পর্শ আছে। তারা যে পর্যটন ও অতিথিসেবায় বহুমাত্রিক ভাবনা নিয়ে কাজ করছে, ‘ছুটির গল্প’ তারই একটি সুন্দর প্রকাশ। শুভেচ্ছা দূত হিসেবে আমাদের যেভাবে সম্মান জানানো হয়েছে, তাতে আমি সত্যিই আপ্লুত।’

পডকাস্ট শেষে আনুষ্ঠানিক পর্বে ছুটি কক্সবাজারের চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মাদ মিজানুর রহমান সেলিম-রোজিকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা দূত হিসেবে বরণ করে নেন। পরে আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ বলেন, ‘প্রিয় আপনজনদের বিনিয়োগে পাহাড় ও সমুদ্রের সন্ধিস্থলে আমাদের প্রকল্পগুলো অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। গুণী শিল্পী শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী আমাদের শুভেচ্ছা দূত হওয়ায় আমরা সম্মানিত বোধ করছি। আমাদের স্বপ্নের পথে পথচলা আরও বেগবান হলো।’

জানা যায়, আসন্ন ঈদে ছুটি কক্সবাজারের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘ছুটির গল্প’র প্রথম পর্ব। এরপর থেকে নিয়মিত বিভিন্ন চমক নিয়ে হাজির হবে এ পডকাস্ট। তুলে ধরবে দেশের নৈসর্গিক সৌন্দর্য, পর্যটনের সম্ভাবনা ও স্বপ্নের গল্প।

পডকাস্টটি প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, “ছুটি কক্সবাজারের লক্ষ্যই মানুষের ভ্রমণ, যাপন ও বিনোদনের অংশীদার হওয়া। সে লক্ষ্যেই আমাদের অংশীদারদের পাশাপাশি দেশের নানা ক্ষেত্রের গুণীজন, শিল্পী, স্থপতি, পর্যটন ও হসপিটালিটি অঙ্গনের মানুষদের গল্পে আমরা ‘ছুটির গল্প’কে সমৃদ্ধ করতে চাই। এটি গতানুগতিকভাবে শুধু স্টুডিওতে বন্দি থাকবে না। পাহাড়, সমুদ্র ও অরণ্যেও বিশেষ আয়োজন ও অতিথিদের নিয়ে হাজির হবে।”

আরও পড়ুন:
হাসিনার পতন নিয়ে নতুন বার্তা দিলেন আসিফ 
সেন্সর বাতিল হলেও ঈদে টিভিতে দেখা যাবে শাকিব খানের ‘প্রিন্স’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও আমন্ত্রিত অতিথিরা। শেষভাগে সংগীতশিল্পী রিজিয়া পারভিনের পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। পডকাস্ট ও অনুষ্ঠানের কনসেপ্ট ও ইভেন্ট পার্টনার ছিল ইস্টিশন কমিউনিকেশন্স।

এমআই/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।